২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার দর্দেভিচকে কোচ করতে আগ্রহী বাফুফে

অনেক দিন ধরেই জাতীয় দলের জন্য বিদেশি কোচের সন্ধানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ দলের সাবেক কোচ সার্বিয়ার জোরান দর্দেভিচকে আবার দায়িত্ব দিতে আগ্রহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 04:52 PM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনেক দিন ধরেই জাতীয় দলের জন্য বিদেশি কোচের সন্ধানে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ দলের সাবেক কোচ সার্বিয়ার জোরান দর্দেভিচকে আবার দায়িত্ব দিতে আগ্রহী। ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় (এসএ) গেমসে দর্দেভিচের অধীনে ফুটবলের সোনা জিতেছিল বাংলাদেশ। মাত্র দুই মাস কোচিং করিয়ে স্বাগতিকদের সাফল্য এনে দিয়ে অনেক প্রশংসাও পেয়েছিলেন তিনি। কিন্তু এসএ গেমসের পর বাফুফে কর্মকর্তাদের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় দেশে ফিরে যান দর্দেভিচ। এরপর আরো দুজন বিদেশি কোচ এলেও কেউই বেশি দিন টিকতে পারেননি। ক্রোয়েশিয়ার রবার্ট রুবচিচ কাউকে কিছু না বলে দেশে ফিরে যান। আর মেসিডোনিয়ার নিকোলা ইলিয়েভস্কিকে দিল্লি সাফ ফুটবলে ব্যর্থতার পর বিদায় করে দেয়া হয়। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের কোচ সাইফুল বারী টিটু ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করলেও তার অধীনে নেপাল, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে সাফল্য পায়নি বাংলাদেশ। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তাই বিদেশি কোচ নিয়ে আসার পক্ষপাতী। তিনি বলেন, “জাতীয় দলের জন্য আর দেশি কোচ নয়। আগামীতে কোনো বিদেশিকে জাতীয় দলের কোচের দায়িত্ব দেয়া হবে।” বাফুফের কর্মকর্তারা তাই নেমে পড়েছেন বিদেশি কোচের খোঁজে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এরই মধ্যে দর্দেভিচের সঙ্গে ফোনে কথাও বলেছেন। বর্তমানে দক্ষিণ সুদান জাতীয় দলের কোচের দায়িত্বে থাকা দর্দেভিচ সোহাগকে কোনো কথা দেননি। শুধু জানিয়েছেন, বাফুফে প্রস্তাব পাঠালে ভেবে দেখবেন তিনি। দক্ষিণ সুদানের সঙ্গে দর্দেভিচের চুক্তির মেয়াদ এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। মেয়াদ শেষ হলে জানুয়ারিতে বাফুফের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করার কথা জানিয়েছেন তিনি। ফুটবল অ্যাকাডেমির জন্যও একজন বিদেশি কোচের সন্ধানে বাফুফে। বাফুফে সভাপতি জানিয়েছেন, “ফুটবল অ্যাকাডেমির জন্য দক্ষিণ কোরিয়ার কোচ আনতে চাই আমরা। কারণ কোরিয়ানরা অনেক বেশি গোছানো। অ্যাকাডেমির জন্য এমন কোচই আমাদের প্রয়োজন।” “তাছাড়া কোরিয়ান ফুটবল অ্যাকাডেমি থেকে গত কয়েক বছরে বের হওয়া অন্তত ২০ জন ফুটবলার ইউরোপের বিভিন্ন লিগে খেলে। এই বিষয়টি কোরিয়ান কোচ নিয়ে আসতে আমাকে আগ্রহী করে তুলেছে,” যোগ করেন সালাউদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২৩৩ঘ.