ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত-পাকিস্তান দু দলেরই চ্যাম্পিয়ন্স ট্রফি হকির শিরোপা জয়ের আশা শেষ। শনিবার সেমিফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৩-০ গোলে হেরে গেছে ভারত। অন্য সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের হারও বড় ব্যবধানে, ৫-২ গোলে।
রোববার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসের ফাইনালও হবে রোববার।
নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় মিনিটেই বিলি বেকারের গোলে পিছিয়ে পড়ে পাকিস্তান। ২০ মিনিটের সময় ভ্যান অ্যাসের লক্ষ্যভেদে ২-০ গোলে এগিয়ে যায় লন্ডন অলিম্পিকের রুপা জয়ীরা।
তিন মিনিট পর আত্মঘাতী গোলে পাকিস্তান ব্যবধান কমলেও ৩২ মিনিটে আবারো গোল করেন বেকার (৩-১)।
দ্বিতীয়ার্ধে ১৫ মিনিটের ব্যবধানে ভ্যালেন্টিন ভারগা ও রবার্ট কেম্পারম্যানের গোলে জয় নিশ্চিত হয়ে যায় ডাচদের। শেষ মুহূর্তে পাকিস্তানের সান্ত¦নাসূচক গোলদাতা শাকিল আব্বাসী।
দীর্ঘ ৬ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়ার সুযোগ পাওয়া ভারতও প্রতিরোধ গড়তে পারেনি স্বাগতিকদের সামনে।
গত চার বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ১৮ মিনিটের মধ্যেই এগিয়ে যায় ২-০ গোলে। দুটো গোলই করেন অধিনায়ক জেমি ডোয়াইয়ার।
৪৪ মিনিটে কাইরন গোভার্সের লক্ষ্যভেদ টুর্নামেন্টের রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়নদের আরেকটি ফাইনাল নিশ্চিত করে দেয় ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/২১১৮ঘ.
bdnews24