ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত অগাস্টে পূর্ণ করেছেন ৩১ বছর। চার বছর পর বয়স হবে ৩৫। তবু ২০১৬ সালের রিও ডি জেনিরো অলিম্পিকে অংশ নিতে আগ্রহী রজার ফেদেরার।
ব্রাজিলের সাও পাওলোতে একটি প্রদর্শনী টুর্নামেন্টে অংশ নিতে গিয়ে শুক্রবার ফেদেরার বলেন, “খেলার সূচী, শরীর, মন সব কিছু ঠিক-ঠাক রাখা নিশ্চিত করতে হবে আমাকে। আশা করি আরো কয়েক বছর আমি খেলা চালিয়ে যেতে পারব এবং সাড়ে তিন বছরের কিছু বেশি সময় পর এখানে অনুষ্ঠেয় অলিম্পিকেও খেলব। সুতরাং আগামী ছয় মাসের জন্য শুধু নয়, আরও অনেক দূর পর্যন্ত আমার দৃষ্টি নিবদ্ধ করতে হবে।”
রেকর্ড ১৭টি গ্রান্ড স্লাম শিরোপা জয়ী ফেদেরার অনেকের মতেই সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়। এই সুইস তারকার বর্ণাঢ্য ক্যারিয়ারে শুধু অলিম্পিক এককের শিরোপা নেই। এ বছরের লন্ডন অলিম্পিকে ফাইনালে উঠলেও অ্যান্ডি মারের কাছে হেরে যান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/২১৫৮ঘ.
bdnews24