ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে হতাশার বৃত্তে বন্দী লিভারপুলের ঘরে কিছুটা হলেও আনন্দের উপলক্ষ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালির উদিনেসের মাঠে ১-০ গোলের জয় ইউরোপা লিগের নকআউট পর্বে পৌঁছে দিয়েছে তাদের।
‘এ’ গ্রুপ থেকে লিভারপুলের অর্জন ১০ পয়েন্ট। রাশিয়ার আনঝি মাখাচকালা ও সুইজারল্যান্ডের ইয়াং বয়েজের পয়েন্টও তা-ই। কিন্তু বেশি গোল করার সুবাদে গ্রুপ সেরা হয়েছে ‘অল রেড’ নামে পরিচিত লিভারপুল। ইয়াং বয়েজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় নকআউট পর্বে তাদের সঙ্গী আনঝি।
ইংল্যান্ডের আরেক ক্লাব টটেনহাম হটস্পারও (১০ পয়েন্ট) উঠেছে পরবর্তী পর্বে। ‘জে’ গ্রুপের রানার্সআপ হিসেবে সেরা ৩২-এ জায়গা করে নেয়া টটেনহাম ৩-১ গোলে হারিয়েছে গ্রিসের প্যানাথিনাইকসকে। স্লোভেনিয়ার এনকে মারিবরকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইতালির লাৎসিও (১২)।
শুরু থেকে উদিনেসের একের পর এক আক্রমণ চাপের মধ্যে ফেলে দিয়েছিল লিভারপুলকে। তবে পাল্টা আক্রমণে যাওয়ার সুফল পেতেও দেরি হয়নি ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটির। ২৩ মিনিটে মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনের গোলে এগিয়ে যায় তারা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে স্বাগতিকরা মুহুর্মুহু আক্রমণ চালালেও কাঙ্খিত সাফল্যের দেখা পায়নি। উল্টো নির্ধারিত সময় শেষ হওয়ার ১১ মিনিট আগে ডিফেন্ডার জিওভান্নি প্যাসকুয়ালের দ্বিতীয় হলুদ কার্ড দশ জনের দলে পরিণত করে উদিনেসেকে। এরপর আর সমতায় ফিরতে পারেনি তারা।
‘এইচ’ গ্রুপে আজারবাইজানের নেফচি বাকুর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে স্বাগতিক ইন্টার মিলান (১১)। তবে রানার্সআপ হয়ে নকআউট পর্ব নিশ্চিত করতে সমস্যা হয়নি তাদের। ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা রাশিয়ার রুবিন কাজান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/১৯৫৭ঘ.
bdnews24