ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট বিকেএসপিতে ফুটবল অ্যাকাডেমির খেলোয়াড় বাছাইয়ের জন্য বৃহস্পতিবার ঢাকায় এসেছেন ফিফার টেকনিক্যাল ডিরেক্টর জাঁ-মিশেল বেনেজেত। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন ও ডেভেলপমেন্ট কমিটির সভাপতি বাদল রায়ের সঙ্গে দেখাও করেছেন তিনি।
শুক্রবার ফুটবল অ্যাকাডেমি পরিদর্শনের জন্য সিলেট যাবেন বেনেজেত। ৮ থেকে ১০ ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অ্যাকাডেমির জন্য চূড়ান্তভাবে ফুটবলার বাছাই করবেন তিনি।
সারা দেশ থেকে প্রায় ১৫০ ফুটবলার বাছাই করেছে বাফুফে। এদের মধ্যে থেকে অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৮ বিভাগের জন্য ৩০ জন করে ফুটবলার বাছাই করবেন ফিফার টেকনিক্যাল ডিরেক্টর।
এই অ্যাকাডেমির জন্য বাফুফেকে অর্থ এবং কারিগরী সহায়তা দিচ্ছে ফিফা। ফিফার কাছ থেকে এরই মধ্যে ৫ লাখ মার্কিন ডলার পেয়েছে বাফুফে।
তবে ফুটবল অ্যাকাডেমি সংস্কারের জন্য এখনো ক্রীড়া মন্ত্রণালয় থেকে কোনো টাকা পায়নি বাফুফে। এই খাতে ২ কোটি ১০ লাখ টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছে তারা।
তাই অ্যাকাডেমির কাজ এখনো শুরু করতে পারেনি বাফুফে। বাদল রায় জানিয়েছেন, “অ্যাকাডেমির কার্যক্রম শুরু করার আগে প্রয়োজনে খেলোয়াড়দের অন্য কোথাও রেখে প্রশিক্ষণ দেয়া হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২০ঘ
bdnews24