ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনেক দিন পর হকিতে ভারত-পাকিস্তানের সুদিন। বিশ্বকাপের পর হকির দ্বিতীয় সেরা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
দীর্ঘ ৬ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামা ভারত বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে। একমাত্র গোলটি করেন নিতীন থিম্মাইয়াহ।
আরেক কোয়ার্টার ফাইনালে পাকিস্তান ২-১ গোলে জিতেছে জার্মানির বিপক্ষে। পাকিস্তানের দুটি গোলই শাকিল আব্বাসির।
সেমিফাইনালে উঠেছে স্বাগতিক ও গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও। শেষ আটের লড়াইয়ে ইংল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে টুর্নামেন্টে রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়নরা। সেমিফাইনালে ওঠা অন্য দল নেদারল্যান্ডস। নিউজিল্যান্ডকে তারা ২-০ গোলে হারিয়েছে।
শনিবার সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়ার ও পাকিস্তান নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। ফাইনাল রোববার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান তিন বার (১৯৭৮, ’৮০ ও ৯৪ সালে) চ্যাম্পিয়ন হলেও ভারত কখনো শিরোপা জিততে পারেনি। এমনকি ফাইনালেও উঠতে পারেননি হকির এক সময়ের পরাক্রমশালী দলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/২০৫০ঘ.
bdnews24