ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেক্সিকোর কানকুন শহরে বিশ্ব বক্সিং ফেডারেশনের (ডব্লিউবিসি) ৫০তম সভায় মোহাম্মদ আলীকে ‘বক্সিংয়ের রাজা’র মুকুট পরিয়ে দেয়া হয়েছে।
বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের শুরুতে লাল মখমলের তৈরি এক সিংহাসনে এসে বসেন ইতিহাসের সফলতম বক্সার আলী। এ সময় তাকে বরণ করে নেন ডব্লিউবিসি প্রধান হোসে সুলাইমান এবং মেক্সিকোর সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন জুলিয়স সিজার। এরপরই তার মাথায় পরিয়ে দেয়া হয় মুকুট।
একমাত্র বক্সার হিসেবে তিন বার হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়া আলী জীবনে ৬১টি লড়াইয়ের মধ্যে ৫৬টিতে জিতেছিলেন। এর মধ্যে ৩৭টিতেই প্রতিপক্ষকে নকআউট করে।
বক্সিং রিংয়ে প্রতিপক্ষের জন্য আতঙ্ক হলেও মানবপ্রেমের অসাধারণ দৃষ্টান্ত স্থাপনের জন্যও চিরস্মরণীয় হয়ে থাকবেন আলী। গত শতাব্দীর ষাটের দশকে ভিয়েতনাম যুদ্ধে মার্কিন সেনাবাহিনীর হয়ে অংশ না নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের বিরাগভাজন হন তিনি।
সেই সময় তার মন্তব্য আজো মানবতাবাদীদের জন্য অনুপ্রেরণার উৎস। আলী বলেছিলেন, “ভিয়েত কংয়ের (ভিয়েতনামের গেরিলা) সঙ্গে আমার কোনো বিবাদ নেই।”
ভিয়েতনাম যুদ্ধে অংশ না নেয়ায় গ্রেপ্তার হয়েছিলেন আলী। তার হেভিওয়েট শিরোপা এবং বক্সিং লাইসেন্সও কেড়ে নেয়া হয়েছিল। শেষ পর্যন্ত কারাদ- এড়াতে পারলেও ৪ বছর ছিলেন রিংয়ের বাইরে।
১৯৮১ সালে অবসর নেয়া আলী ১৯৮৪ সাল থেকে পার্কিনসন্স রোগে ভুগছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/১৯২৫ঘ.
bdnews24