ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কার মাহিন্দা রাজাপাকসা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে বুধবার বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের প্রতিপক্ষ স্বাগতিক দল। টুর্নামেন্টে এটি বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ।
প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় বাংলাদেশের তরুণরা এখন ভীষণ চাপের মধ্যে। ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে তাদের।
বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু স্বাগতিকদের হারানোর ব্যাপারে আশাবাদী। শ্রীলঙ্কা থেকে তিনি জানিয়েছেন, “প্রথম ম্যাচে হেরে যাওয়ায় আমাদের জন্য ফাইনালের ওঠার পথ কঠিন হয়ে পড়েছে। বাকি দুই ম্যাচে জয় ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।”
“শ্রীলঙ্কা শক্তিশালী দল। তাছাড়া তারা নিজেদের মাটিতে খেলছে। তবে আমার বিশ্বাস, ছেলেরা সামর্থ্যরে সেরাটা দিতে পারলে আমরা জয় পাবই,” যোগ করেন টিটু।
সোমবার প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হার প্রসঙ্গে বাংলাদেশ দলের কোচ বলেন, “আমি ভাবতেই পারিনি যে পাকিস্তানের কাছে হারব। খেলোয়াড়দের প্রচেষ্টায় কোনো ঘাটতি ছিল না। আসলে কয়েকটি গোলের সুযোগ নষ্ট করায় জয় থেকে বঞ্চিত হয়েছি আমরা।”
“তাছাড়া রক্ষণভাগের ভুলের কারণে আমরা গোলটা খেয়েছি। খেলোয়াড়দের অপরিপক্বতাই সেজন্য দায়ী,” যোগ করেন তিনি।
৭ ডিসেম্বর শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ৯ ডিসেম্বর হবে ফাইনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮৪৬ঘ.
bdnews24