ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে মাঠে নামবে প্রথম চার গ্রুপের ১৬টি দল। তবে আটটি ম্যাচ ঘিরে তেমন কোনো উত্তাপ নেই। এরই মধ্যে প্রত্যেক গ্রুপের সেরা দুই দল নির্ধারণ হয়ে যাওয়াই তার কারণ।
‘গ্রুপ অব ডেথ’ বা ‘মৃত্যুকুপ’ নামে পরিচিতি পাওয়া ‘ডি’ গ্রুপে মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ড-ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ-আয়াক্স আমস্টার্ডাম। আয়াক্স (৪ পয়েন্ট) ও ম্যান সিটিকে (৩) পেছনে ফেলে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে মঙ্গলবারের দুই স্বাগতিক রিয়াল (৮) ও বরুসিয়া (১১)।
‘সি’ গ্রুপে খেলবে গ্রুপ-সেরা মালাগা (১১) ও অ্যান্ডারলেখট (৪)। অন্য ম্যাচে জেনিত পিটার্সবার্গের (৪) বিপক্ষে খেলবে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত করা এসি মিলান।
‘বি’ গ্রুপের চিত্র ‘সি’ ও ‘ডি’ গ্রুপের ঠিক উল্টো। মঙ্গলবারের দুই অতিথি দল শালকে (১১) ও আর্সেনাল (১০) নিশ্চিত করেছে দ্বিতীয় রাউন্ড। তাদের প্রতিপক্ষ যথাক্রমে মন্তপেলিয়ার (১) ও অলিম্পিয়াকস (৬)।
‘এ’ গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডের টিকেট পেয়েছে পোর্তো (১৩) ও প্যারিস সেইন্ট জার্মেই (১২)। মঙ্গলবার পোর্তোর মাঠে মুখোমুখি হবে দুদল। অন্য ম্যাচে ডায়নামো কিয়েভকে (৪) স্বাগত জানাবে ডায়নামো জাগরেব (০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/২৩৪৬ঘ.
bdnews24