ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব বক্সিং কাউন্সিলের (ডব্লিউবিসি) ৫০তম সভায় মোহাম্মদ আলীকে ‘বক্সিংয়ের রাজা’ উপাধী দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার মেক্সিকোতে শুরু হয়েছে এই সভা।
বক্সিংয়ের জীবন্ত-কিংবদন্তি মোহাম্মদ আলীকে এই বিশেষ সম্মাননা দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে ডব্লিউবিসি সভাপতি হোসে সুলাইমান বলেন, “সারা জীবন শ্রেষ্ঠত্বের পথে চলার পুরস্কার এটি। সারা পৃথিবীতে আলীর মতো সাফল্য পাওয়া ক্রীড়াবিদ খুঁজে পাওয়া কঠিন।”
১৯৬৭ সালে প্রথম হেভিওয়েট চ্যাম্পিয়ন হন অনেকের মতেই সর্বকালের সেরা বক্সার মোহাম্মদ আলী। প্রথম এবং একমাত্র বক্সার হিসেবে তিন বার হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব তারই।
হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার অনেক আগেই অবশ্য ১৯৬০ সালের রোম অলিম্পিকে লাইট হেভিওয়েটে সোনা জিতেছিলেন আলী। মোট ৬১টি লড়াইয়ের মধ্যে ৫৬টিতেই জিতেছিলেন তিনি। এর মধ্যে ৩৭টি প্রতিপক্ষকে নকআউট করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/২৩২৮ঘ.
bdnews24