ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার শ্রীলঙ্কার মাহিন্দা রাজাপাকাসা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান।
জয় দিয়ে শুরু করার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দলের কোচ সাইফুল বারী টিটু। শ্রীলঙ্কা থেকে তিনি জানিয়েছেন, “আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। প্রত্যেক ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আশা করি জয় দিয়ে শুরু করতে পারবো।”
“যদিও সোমবারের প্রতিপক্ষ সম্পর্কে আমার তেমন ধারণা নেই। তবে দলের প্রত্যেকে নিজের সেরাটা ঢেলে দিতে প্রস্তুত,” যোগ করেন টিটু।
৩ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া অন্য দুই দল মালদ্বীপ ও স্বাগতিক শ্রীলঙ্কা। ৫ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা ও ৭ ডিসেম্বর শেষ ম্যাচে মালদ্বীপের সঙ্গে খেলবে বাংলাদেশ। ৯ ডিসেম্বর হবে ফাইনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২৭ঘ.
bdnews24