২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় চারটি প্রীতি ম্যাচ খেলবে জাতীয় দল

ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়ার জাতীয় দল এবং সংযুক্ত আরব আমিরাতের অনূর্ধ্ব-২৩ দলকে ঢাকায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। মালয়শিয়া সফর থেকে ফিরে রোববার বাফুফে ভবনে এ কথা জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়ার জাতীয় দল এবং সংযুক্ত আরব আমিরাতের অনূর্ধ্ব-২৩ দলকে ঢাকায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। মালয়শিয়া সফর থেকে ফিরে রোববার বাফুফে ভবনে এ কথা জানান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বলেন,“বিদেশের মাটিতে আমাদের দল কয়েকটি ম্যাচ খেলেছে। এবার দেশের মাটিতে খেলব আমরা। আগামী তিন মাসের মধ্যে আমরা ঢাকায় চারটি প্রীতি ম্যাচ খেলব। “থাইল্যান্ড জাতীয় দল জানুয়ারির শেষ সপ্তাহে ঢাকায় আসবে। ভারতীয় জাতীয় দল আসবে ফেব্রুয়ারিতে। অবশ্য মালয়শিয়া জাতীয় দল এবং আরব আমিরাতের অনূর্ধ্ব-২৩ দলের আসার দিনক্ষণ এখনো ঠিক হয়নি। সবগুলো ম্যাচই খেলবে জাতীয় দল।” জাতীয় দলের জন্য কোচ নিয়োগও চূড়ান্ত হওয়ার পথে। এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, “জাতীয় দলের কোচ নিয়োগ হতে আর বেশি দেরি নেই। ১৫ থেকে ২০ দিনের মধ্যে সব কিছু চূড়ান্ত হয়ে যাবে।” জাতীয় দলের জন্য ইউরোপীয় কোচ নিয়ে আসার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি। আর সিলেট বিকেএসপিতে ফুটবল অ্যাকাডেমির কোচ হিসেবে বাফুফের প্রথম পছন্দ দক্ষিণ কোরিয়া। কাছাকাছি সময়ে চারটি বিদেশি দল ঢাকায় আসবে। এই দলগুলোকে একই সময়ে নিয়ে এসে একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করা যেত কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, “আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করতে গেলে লিগ বন্ধ হয়ে যাবে। আমি চাই না লিগ বন্ধ করে কোনো কিছু করতে। তবে অগাস্টে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট করার পরিকল্পনা রয়েছে।” “আন্তর্জাতিক টুর্নামেন্ট করার জন্য অনেক টাকার প্রয়োজন। আমাদের কাছে এখন অত টাকা নেই,” যোগ করেন তিনি। আগামী ৬ ডিসেম্বর বাফুফের বিপণন কমিটির সঙ্গে এক সভায় বিভিন্ন খাতে পৃষ্ঠপোষক কেমন আসছে তা জানতে চাইবেন বাফুফে সভাপতি। জেলা ও বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষক হওয়া প্রায় নিশ্চিত। স্কুল ফুটবলের সঙ্গে থাকছে ইসলামী ব্যাংক। বাংলাদেশের ২০২২ বিশ্বকাপে খেলার পরিকল্পনাও শিগগিরি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন সালাউদ্দিন। ৮ ডিসেম্বর তার সম্ভাব্য তারিখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১৫ঘ.