২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার জয়ের ধারায় জুভেন্টাস

গত সপ্তাহে এসি মিলানের কাছে হতাশাজনক হারের হতাশাকে পেছনে ফেলে জয়ের ধারায় ফিরেছে জুভেন্টাস। শনিবার ইতালির সেরি আ’য় তারা সহজেই ৩-০ গোলে হারিয়েছে তোরিনোকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 02:49 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত সপ্তাহে এসি মিলানের কাছে হতাশাজনক হারের হতাশাকে পেছনে ফেলে জয়ের ধারায় ফিরেছে জুভেন্টাস। শনিবার ইতালির সেরি আ’য় তারা সহজেই ৩-০ গোলে হারিয়েছে তোরিনোকে। এই জয়ে ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে গতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাসের শীর্ষস্থানও অক্ষুন্ন রইল। রোববার পেসকারাকে ঘরের মাঠে ৫-১ গোলে হারানো নাপোলিও ধরে রেখেছে দ্বিতীয় স্থান। ম্যারাডোনার সাবেক ক্লাবের পয়েন্ট ৩৩। পালেরমোকে একমাত্র গোলে হারিয়ে ৩১ পয়েন্ট নিয়ে ইন্টার মিলানও আছে তৃতীয় স্থানে। দুই পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে থাকা লাৎসিও ২-১ গোলে হারিয়েছে পার্মাকে। জুভেন্টাসের মাঠে বিরতির ৬ মিনিট আগে স্বাগতিক দলের মিডফিল্ডার ইমানুয়েলে জিয়াচ্চেরিনিকে মারাত্মক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন তোরিনোর ডিফেন্ডার কামিল গ্লিক। প্রথমার্ধ গোলশূন্য রাখতে পারলেও বিরতির পর একজন কম নিয়ে আর পেরে ওঠেনি অতিথিরা। ৫৭ মিনিটে জুভেন্টাসকে এগিয়ে দেন মিডফিল্ডার ক্লদিও মার্চিসিও। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সেবাস্তিয়ান জিওভিঙ্কো। ৮৪ মিনিটে মার্চিসিওর দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয়ে যায় সেরি আ’র রেকর্ড ২৮ বারের চ্যাম্পিয়নদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/২২১১ঘ.