২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এগিয়ে চলেছে বার্সেলোনা, রিয়ালেরও জয়

স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার জয়ের ধারা অব্যাহত। শনিবার লিওনেল মেসির দুবারের লক্ষ্যভেদ অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ৫-১ গোলের জয় এনে দিয়েছে বার্সাকে। আরেক ম্যাচে রিয়াল মাদ্রিদও সহজেই ২-০ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 06:43 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার জয়ের ধারা অব্যাহত। শনিবার লিওনেল মেসির দুবারের লক্ষ্যভেদ অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ৫-১ গোলের জয় এনে দিয়েছে বার্সাকে। আরেক ম্যাচে রিয়াল মাদ্রিদও সহজেই ২-০ গোলে হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদকে। ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখা বার্সা একটি কীর্তি গড়েছে শনিবার। লা লিগায় প্রথম ১৪ ম্যাচের হিসাবে সেরা সূচনার কৃতিত্ব এখন তাদেরই। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের সঙ্গে ড্র করা ছাড়া বাকি ১৩ ম্যাচেই দলকে জয় উপহার দিয়েছেন মেসি-জাভি-ইনিয়েস্তারা। স্প্যানিশ লিগে আগের সেরা সূচনা ছিল রিয়ালের (১৩টি জয় ও একটি হার), ১৯৬১-৬২ মৌসুমে। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে প্রথমার্ধেই জেরার্ড পিকে, মেসি আর আদ্রিয়ানোর গোলে এগিয়ে যাওয়ার পর জয় নিয়ে ভাবতে হয়নি বার্সাকে। বিরতির পর সেস ফ্যাব্রেগাস ও মেসির আরেক গোলে বড় জয়ও নিশ্চিত হয়ে যায়। ২১টি গোল নিয়ে মেসি এখন লা লিগার সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে অন্যদের প্রায় ধরা-ছোঁয়ার বাইরে। ১৩ গোল করা ক্রিস্টিয়ানো রোনালদো অনেকখানি পেছনে। গত তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলার এখন অসাধারণ এক অর্জনের সামনে দাঁড়িয়ে। আর এক গোল করলেই এক পঞ্জিকাবর্ষে জার্ড মুলারের করা ৮৫ গোলের রেকর্ড স্পর্শ করবেন মেসি। ১৯৭২ সালে রেকর্ডটি গড়েছিলেন জার্মানি ও বায়ার্ন মিউনিখের সাবেক স্ট্রাইকার। আগের ম্যাচে রিয়াল বেতিসের কাছে হার ভীষণ চাপে ফেলে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে। তবে নগর-প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো পাত্তাই পায়নি হোসে মরিনহোর দলের কাছে। সান্টিয়াগো বার্নাব্যুতে ১৬ মিনিটে রোনালদোর অসাধারণ এক ফ্রিকিক এগিয়ে দেয় রিয়ালকে। ৬৬ মিনিটে মেসুত ওজিলের গোলও বানিয়ে দেন পর্তুগিজ তারকা। দ্বিতীয়ার্ধে রোনালদোর দুটো প্রচেষ্টা পোস্টে বাধা না পেলে আরো বড় ব্যবধানে জিততে পারত স্বাগতিক দল। মাদ্রিদ ‘ডার্বি’তে এ নিয়ে টানা ২২ ম্যাচে অপরাজিত রিয়াল ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকোর পয়েন্ট ৩৪। রিয়াল-বার্সা সহজ জয় পেলেও হেরে গেছে ভ্যালেন্সিয়া। ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হয়ে দ্বাদশ স্থানে নেমে যাওয়ার পর বরখাস্ত হয়েছেন ভ্যালেন্সিয়ার কোচ মরিসিও পেল্লেগ্রিনো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০০৪২ঘ.