ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) চেলসি হেরে গেলেও জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ড্র করেছে ম্যান সিটি। ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মাঠে প্রথমে গোল করেও ৩-১ গোলে হেরে গেছে চেলসি। আর রেডিংয়ের মাঠে দুবার পিছিয়ে পড়েও ৪-৩ গোলে জিতেছে ম্যান ইউ।
ওয়েইন রুনির দুটি (একটি পেনাল্টি থেকে) এবং রবিন ফন পার্সি ও অ্যান্ডারসনের একটি করে গোলের সুবাদে পাওয়া জয়ে ম্যান ইউ’র শীর্ষস্থান অক্ষুন্ন রয়েছে। ১৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩৬ পয়েন্ট।
রবার্তো দি মাত্তেওকে সরিয়ে রাফায়েল বেনিতেজের কাঁধে কোচের দায়িত্ব দিলেও চেলসির দুর্দশা কাটেনি। বেনিতেজ কোচ হওয়ার পর এই নিয়ে টানা তিন ম্যাচ জয়হীন থাকল চেলসি।
রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ কিনে নেয়ার পর চেলসির আর কোনো কোচের শুরুতেই এমন তিক্ত অভিজ্ঞতা হয়নি। ইপিএলে টানা ৭ ম্যাচ জিততে ব্যর্থ হলেও ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে লন্ডনের ক্লাবটি।
ফুলহামের মাঠ থেকে ৩-০ গোলের জয় নিয়ে ফেরা টটেনহাম হটস্পার ও ঘরের মাঠে স্টোক সিটির কাছে ১-০ গোলে হেরে যাওয়া ওয়েস্ট ব্রমউইচেরও ২৬ পয়েন্ট। তবে গোল গড়ে পিছিয়ে াকায় টটেনহাম চর্তু ও ওয়েস্ট ব্রমউইচ পঞ্চম স্থানে আছে।
ম্যান সিটি ঘরের মাঠে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে এভারটনের সঙ্গে। বিরতির মিনিট দুয়েক আগে পেনাল্টি থেকে গতবারের চ্যাম্পিয়নদের সমতায় ফেরান কার্লোস তেভেজ। ৩৩ পয়েন্ট নিয়ে ম্যান সিটি আছে দ্বিতীয় স্থানেই।
ফরাসী বেনিতেজের স্বদেশী আর্সেন ওয়েঙ্গারেরও দিনটা ভালো কাটেনি। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে সোয়ানসি সিটির কাছে ২-০ গোলে হেরে সমর্থকদের দুয়ো শুনেছে তার দল আর্সেনাল। আগের দুই ম্যাচে ড্র করার পর এই হার আর্সেনালকে নামিয়ে দিয়েছে দশম স্থানে। তাদের পয়েন্ট ২১।
আর্সেনালের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে লিভারপুলের অবস্থান একাদশ। ঘরের মাঠে তারা ১-০ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০১২৭ঘ.
bdnews24