ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাজিলের ঘরোয়া ফুটবলে সাফল্য পেলেও ফিফা ব্যালন ডি’ অর বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় নেইমার নেই। ফুটবলারদের সবচেয়ে মর্যাদার পুরস্কার জয়ের জন্য তাকে ইউরোপে খেলার পরামর্শ দিয়েছেন ফিফা সভাপতি সেপ ব্লø্যাটার।
তিনি বলেন, “নেইমার খুবই ভালো, অসাধারণ মেধাবী একজন ফুটবলার। কিন্তু ইউরোপে না খেলে ফিফা ব্যালন ডি’ অরের চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া যে কোনো ফুটবলারের জন্যই কঠিন।”
অবশ্য ফিফা প্রধানের ধারণা, ইউরোপে না খেলেও পুরস্কারটি জিততে পারেন নেইমার। তবে সেজন্য তাকে আগামী বিশ্বকাপে খুবই ভালো খেলতে হবে।
এ প্রসঙ্গে ব্ল্যাটার বলেন, “ব্রাজিলের হয়ে ২০১৪ বিশ্বকাপে খুব ভালো খেললেই নেইমারের পক্ষে এই পুরস্কার পাওয়া সম্ভব।”
এ ব্যাপারে ফিফা প্রধানের সঙ্গে একমত ব্রাজিলের সাবেক তারকা রোনালদো। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক বলেন, “ব্রাজিলে নেইমার অনেক বড় তারকা। কিন্তু ইউরোপে সে তেমন পরিচিত নয়। এবার ফিফা ব্যালন ডি’ অরের ২৩ জনের তালিকায় সে ছিল। এটা অনেক বড় অর্জন।”
“কিন্তু আমি মনে করি বছরের সেরা ফুটবলার হতে হলে তাকে অবশ্যই ইউরোপে খেলতে হবে। অথবা ২০১৪ বিশ্বকাপে জাতীয় দলের হয়ে অসাধারণ খেলতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/২২১৮ঘ.
bdnews24