ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিছিয়ে পড়েও ইতালির সেরি আ’য় জয় পেয়েছে এসি মিলান। কাতানিয়ার মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে তারা। এটি মিলানের টানা দ্বিতীয় জয়।
এ মৌসুমের শুরু থেকেই ভক্তদের হতাশ করে চলা মিলান গত সপ্তাহে গতবারের চ্যাম্পিয়ন ও লিগের শীর্ষে থাকা জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়েছিল। টানা দুই জয়ে ২১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে ঐতিহ্যবাহী ক্লাবটি।
মিলানের জয়ের নায়ক স্ট্রাইকার স্তেফান এল শারাউই। দলের তিন গোলের দুটোই তার।
একাদশ মিনিটে পিছিয়ে পড়া মিলান আরেকটি ব্যর্থতার শঙ্কায় পড়ে গিয়েছিল। ৪৯ মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার পাবলো ব্যারিয়েন্তোসের দ্বিতীয় হলুদ কার্ড দশ জনের দলে পরিণত করে কাতানিয়াকে। এরপরই ঘুরে দাঁড়ায় অতিথি দল।
৫৩ মিনিটে শারাউই সমতা ফেরানোর তিন মিনিট পর ঘানার মিডফিল্ডার কেভিন-প্রিন্স বোয়াটেংয়ের গোলে এগিয়ে যায় মিলান। নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে বোয়াটেংয়ের সরাসরি লাল কার্ড দু দলের খেলোয়াড় সংখ্যায় সমতা নিয়ে আসে।
তাতে অবশ্য মিলান দমে যায়নি। ইনজুরি সময়ে শারাউইয়ের আরেকটি গোল জয় নিশ্চিত করে দেয় তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএএম/এএআর/১৮৩১ঘ.
bdnews24