২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি কোচের সন্ধানে বাফুফে

গত জানুয়ারিতে মেসিডোনিয়ার নিকোলা ইলিয়েভস্কির বিদায়ের পর থেকেই জাতীয় ফুটবল দল কোচবিহীন। সামনেই এএফসি চ্যালেঞ্জ কাপ, দক্ষিণ এশীয় (এসএ) গেমস ও সাফ ফুটবলের লড়াই। জাতীয় দলের জন্য তাই একজন বিদেশি কোচের সন্ধান করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2012, 03:24 PM

Updated : 24 Aug 2022, 12:12 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত জানুয়ারিতে মেসিডোনিয়ার নিকোলা ইলিয়েভস্কির বিদায়ের পর থেকেই জাতীয় ফুটবল দল কোচবিহীন। সামনেই এএফসি চ্যালেঞ্জ কাপ, দক্ষিণ এশীয় (এসএ) গেমস ও সাফ ফুটবলের লড়াই। জাতীয় দলের জন্য তাই একজন বিদেশি কোচের সন্ধান করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, “জাতীয় দলের জন্য আমরা একজন বিদেশি কোচ খুঁজছি। জার্মানি এবং নেদারল্যান্ডসে যোগাযোগও করেছি। তবে এখনো কারো খোঁজ পাইনি। আশা করি শিগগিরি পেয়ে যাবো।” “এবার ভালো মানের কোচ আনার চেষ্টা করবো। তার বেতন হবে আট থেকে দশ হাজার ডলার,” যোগ করেন তিনি। সিলেট বিকেএসপিতে অবস্থিত ফুটবল অ্যাকাডেমির জন্যও একজন বিদেশি কোচ খুঁজছে বাফুফে। এ প্রসঙ্গে সালাউদ্দিন জানান, “সিলেট শহর থেকে বেশ দূরে, অজ পাড়াগাঁয়ে বাফুফের এই অ্যাকাডেমি। ইউরোপের কোনো কোচকে সেখানে রাখা যাবে কিনা তা নিয়ে আমি দুশ্চিন্তায়। ইউরোপীয়রা তো ঐ রকম পরিবেশে থাকতে অভ্যস্ত নয়।” বিদেশি কোচ নিয়ে বাফুফের অভিজ্ঞতা অবশ্য ভালো নয়। বাংলাদেশের প্রায় কোনো বিদেশি কোচই ভালো ভাবে বিদায় নিতে পারেননি। জাতীয় দলের ১৫ জন বিদেশি কোচের বিদায়ের অভিজ্ঞতা প্রায় অভিন্ন। সর্বশেষ কোচ ইলেয়েভস্কিও তিক্ততা নিয়ে ছেড়ে দেন দায়িত্ব। গত ডিসেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত¬ সাফ ফুটবলে আট দলের মধ্যে বাংলাদেশ সপ্তম হওয়ায় সরে দাঁড়াতে হয় তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২২ঘ.