ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেপালে একটি প্রস্তুতি ম্যাচ খেলে শনিবার দুপুরে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। একমাত্র ম্যাচে ড্র করলেও দলের খেলায় সন্তুষ্ট কোচ সাইফুল বারী টিটু।
বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে নেপালে গেলেও বৃষ্টিতে প্রথমটি পরিত্যক্ত হয়ে যায়। নেপাল জাতীয় দলের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ম্যাচে তারা ড্র করে ১-১ গোলে।
এই ম্যাচের পারফরম্যান্সে তৃপ্ত টিটু। তিনি বলেন, “ম্যাচটি আমরা জিততেও পারতাম। গোলরক্ষকের একটি ভুলেই জয় হাতছাড়া হয়ে গেছে। তবে ছেলেরা ভালোই খেলেছে। আমার প্রত্যাশার চেয়েও ভালো খেলেছে তারা।”
“ঐ ম্যাচে ছেলেদের দৃঢ়তা দেখে আমি সত্যিই বিস্মিত হয়েছি। প্রত্যেকেই নিজেকে উজাড় করে দিয়েছে। আমার পরিকল্পনা অনুযায়ী তারা খেলেছে,” যোগ করেন বাংলাদেশের কোচ।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে এগিয়ে দেয়া জাহিদ হোসেন তো নিজেদের নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত। তিনি বলেন, “বলেছিলাম না গোল করবো! ঠিকই গোল করেছি। নেপালকে একবারের জন্যও আমাদের চেয়ে শক্তিশালী দল বলে মনে হয়নি। ঘরের মাঠে তাদের বিপক্ষে হেসে-খেলে ৩/৪ গোলে জিতবো আমরা।”
বাংলাদেশ দলের ব্যবস্থাপক সত্যজিৎ দাস রুপু অবশ্য ভীষণ ক্ষুব্ধ। জাতীয় দলের সাবেক তারকার কণ্ঠে রেফারিং নিয়ে ক্ষোভ। তিনি বলেন, “রেফারিং বিতর্কিত না হলে ম্যাচটা আমরাই হয়তো জিততাম। বিশেষ করে একটি মারাত্মক ফাউল করা নেপালের গোলরক্ষককে লাল কার্ড না দেখিয়ে হলুদ কার্ড দেখানো ছিলো ভীষণ বাজে সিদ্ধান্ত।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১৪ঘ.
bdnews24