ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুটবলারদের নিবন্ধন করাতে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড বৃহস্পতিবার বাফুফে ভবনে এসেছিলো ঢাক-ঢোল পিটিয়ে, ঘোড়ার গাড়িতে চড়ে। তবে খুব ভালো নয়, বরং আসন্ন ফুটবল মৌসুমের জন্য মোটামুটি মানের দল গড়েছে মোহামেডান।
তিন অভিজ্ঞ মতিউর মুন্না, আলফাজ আহমেদ ও রজনী কান্ত বর্মণকে ধরে রেখে অন্য দল থেকে গত মৌসুমের অনিয়মিত খেলোয়াড়দের নিয়ে এসেছে ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির।
তবে এই দল নিয়েই শিরোপা লড়াইয়ে নামার ব্যাপারে আশাবাদী মোহামেডানের ফুটবল কমিটির সভাপতি মঞ্জুর আলম। তিনি বলেন, “আমাদের বেশির ভাগ ফুটবলারই তরুণ। কিন্তু তারা কারো চেয়ে পিছিয়ে নেই। এই দল নিয়ে শিরোপা লড়াই করার ব্যাপারে আমি আশাবাদী।”
“আমাদের আরো ভালো মানের দল গড়ার সামর্থ্য ছিলো। মানসম্পন্ন ফুটবলারের অভাবে এর চেয়ে ভালো দল গড়তে পারিনি। ভালো বিদেশী ফুটবলার নিয়ে এসে ঘাটতি পুষিয়ে নেয়ার চেষ্টা করবো,” যোগ করেন মঞ্জুর আলম।
এবার মোহামেডানে এসেছেন গত মৌসুমে আবাহনীর প্রথম একাদশে জায়গা না পাওয়া, জাতীয় দলের সাবেক স্ট্রাইকার হেদায়েতুল্লাহ রবিন ও তরুণ মিডফিল্ডার ইমতিয়াজ সুলতান জিতু। এছাড়া মুক্তিযোদ্ধার গোলরক্ষক মামুন খান, মিডফিল্ডার মারুফ আহমেদ ও শেখ জামালের ডিফেন্ডার মিন্টু শেখকেও নিয়ে এসেছে তারা।
এদের সঙ্গে তিনজন বিদেশীকে নিবন্ধন করিয়েছে মোহামেডান। তারা হলেন গত মৌসুমে বিজেএমসিতে খেলা ডিফেন্ডার বাইবেক এবং গতবার মোহামেডানেই খেলে যাওয়া নাইজেরীয় মিডফিল্ডার অগাস্টিন সিজোবা ও উডে ড্যামিনেম।
ফুটবল কমিটির সভাপতির মতো এবার অধিনায়কের দায়িত্ব পাওয়া মতিউর মুন্নাও ভালো করার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, “জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে সুযোগ পাওয়া ৮১ জনের মধ্যে ১৮ জনই ছিল মোহামেডানের। তাই এই দল নিয়ে সাফল্য পাওয়া অসম্ভব নয়।”
রজনী অবশ্য মুন্নার সঙ্গে একমত নন। তিনি বলেন, “একজন তরুণের পক্ষে অভিজ্ঞ ফুটবলারের ঘাটতি পূরণ খুবই কঠিন। তাই মোহামেডানের এই দল নিয়ে লড়াই করা সম্ভব হলেও চ্যাম্পিয়ন হওয়া অসম্ভবই বলা যায়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫২ঘ.
bdnews24