ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রবল বৃষ্টি প্রথম ম্যাচ মাঠে গড়াতে দেয়নি। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হাতে তাই আর একটিই ম্যাচ আছে। বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল জাতীয় দল। নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।
বাংলাদেশের জন্য দুঃসংবাদ, অনুশীলনে বাঁ পায়ে চোট পাওয়া অধিনায়ক এবং দেশের অন্যতম সেরা ডিফেন্ডার মোহাম্মদ সুজন বৃহস্পতিবার খেলতে পারবেন না। চোট স্ট্রাইকার আনোয়ার হোসেনকেও মাঠে নামতে দিচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশের কোচ সাইফুল বারি টিটু।
দুদলের সর্বশেষ লড়াইয়ে হার মেনেছিলো বাংলাদেশ। গত ডিসেম্বরে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ঐ ম্যাচে নেপাল জিতেছিলো ১-০ গোলে।
তবে টিটু এবার হার এড়াতে প্রতিজ্ঞাবদ্ধ। নেপাল থেকে তিনি জানিয়েছেন, “আমাদের প্রধান লক্ষ্য হার এড়ানো। রক্ষণভাগকে সুদৃঢ় রেখে আক্রমণে যেতে চাই আমরা। এই পরিকল্পনা সফল হলে ফল আমাদের পক্ষে আসতেও পারে।”
“নেপাল দারুণ গতিশীল ফুটবল খেলে। তবে আমাদের রক্ষণভাগ আস্থার সঙ্গে খেলতে পারলে তাদের আটকে দেয়া অসম্ভব কিছু নয়,” যোগ করেন বাংলাদেশের কোচ।
টিটুর মতে, নেপালের প্রধান দুর্বলতা গোল করার লোকের অভাব। আর তাদের কৌশল হলো মাঝমাঠ দখলে রেখে হঠাৎ আক্রমণে গিয়ে গোল করা।
নেপালের আবহাওয়ার এখন অনেকটাই উন্নতি হয়েছে। বাংলাদেশের ব্যবস্থাপক সত্যজিৎ দাস রুপু জানিয়েছেন, “কাঠমান্ডুতে বুধবার সারা দিন রোদ ছিলো। নেপালের আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৪৬ঘ.
bdnews24