২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবার পিছিয়ে পড়েও জিতল রিয়াল

সান্টিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ‘ডি’ গ্র“পের খেলায় দুবার পিছিয়ে পড়েও ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2012, 04:08 AM

Updated : 24 Aug 2022, 12:10 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সান্টিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ‘ডি’ গ্র“পের খেলায় দুবার পিছিয়ে পড়েও ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার লিগের উদ্বোধনী দিনে পোর্তো, আর্সেনাল, বরুশিয়া ডর্টমুন্ড জয় পেলেও আন্ডারলেখটের সঙ্গে ড্র করেছে ঘরোয়া লিগে বাজে শুরু করা ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। স্প্যানিশ লা লিগায় প্রথম চার খেলায় দুটিতেই বর্তমান চ্যাম্পিয়নদের হারের পর খেলোয়াড়দের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দলের কোচ হোসে মরিনহো। শেষ চার মিনিটে করিম বেনজামা ও ক্রিস্টিয়ানো রোনালদোর দুই গোলের জয় তাই স্বস্তি হয়ে এসেছে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দলটির জন্য। নয় বারের ইউরোপ সেরার শিরোপা জেতা দলটি শুরু থেকেই ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যান সিটির রক্ষণভাগের ওপর প্রচণ্ড চাপ তৈরি করে। প্রথম বিশ মিনিটে স্বাগতিকরা ৩-০ গোলে এগিয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকতো না। কিন্তু একের পর এক সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে জো হার্টকে পরাস্ত করতে পারেন নি গঞ্জালো হিগুয়াইন, রোানালদো, অ্যাঞ্জেল ডি মারিয়ারা। খেলার ধারার বিপরীতে এডিন ডেজকোর ৬৯ মিনিটের গোলে পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে এগিয়ে যায় ম্যান সিটি। প্রতি আক্রমণ থেকে ডেজকোকে গোলের সহজ সুযোগটি তৈরি করে দেন ইয়া ইয়া তোরে। সাত মিনিট পর মার্সেলোর জোরালো শট প্রথমবারের মতো হার্টকে পরাস্ত করলে সমতা ফেরায় স্বাগতিকরা। বদলি নামা করিম বেনজামার সৌজনে পাওয়া ফ্রিকিক থেকে গোল করে ৮৫ মিনিটে দলকে দ্বিতীয়বারের মতো এগিয়ে নেন কোলারব। পরের চার মিনিটের দুস্বপ্ন ম্যাচ শেষেও ভুলতে পারেন নি অতিথি দলের ম্যানেজার রাবার্তো মানচিনি। তিনি বলেন, “এটা ভীষণ কঠিন, আমরা হেরেছি বলেই নয়। খেলা শেষ হওয়ার চার মিনিট আগেও রিয়ালের মতো দলকে ২-১ গোলে হারানোর মতো অবস্থায় ছিলাম আমরা।” “আমাদের খেলার উন্নতি করতে হবে। কখনো কখনো আমরা অনেক নিচে নেমে গিয়ে প্রতিপক্ষকে আমাদের রক্ষণসীমায় খেলার সুযোগ করে দিয়েছি,” যোগ করেন তিনি। ম্যাচ শেষে খেলোয়াড়দের উচ্ছ্বসিত প্রশংসা করে মরিনহো বলেন, “আজকে আমরা ছিলাম আক্রমণাত্মক। খেলা আমরাই নিয়ন্ত্রন করেছি এবং শেষ পর্যন্ত জিতেছি। দুবার পিছিয়ে পড়লেও আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি।” “গেটাফে বা সেভিয়ার কাছে আমরা যেভাবে হেরেছি তা চলতে পারে না। খেলায় হার বড় ব্যাপার নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে শেষ পর্যন্ত লড়ে যাওয়া। আমি খেলোয়াড়দের বারবার এই কথা বলে এসেছি,” যোগ করেন তিনি। দলের আভ্যন্তরীন কোনো সঙ্কট নেই বলে জানিয়ে ইন্টার মিলান ও চেলসির সাবেক এই কোচ বলেন, “আমি রিয়ালের ইতিহাসের কেউ নই, কিন্তু ভক্তদের এই ম্যাচ দেখতে বলার অধিকার আমার রয়েছে। আমরা ভালো ফুটবল খেলতে পারি, যদিও আজকে সেটি খুব কঠিন ছিল।” “আমাদের আত্মবিশ্বাস ছিল তলানীতে, ঘাটতি ছিলো নিজের ওপর বিশ্বাসে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিলো খেলোয়াড়দের দায়বদ্ধতা। গত বছর এটাই ছিলো দলের প্রাণ,” যোগ করেন দুবার ইউরোপ সেরার ট্রফি জেতা এই কোচ। প্রথম দিন ‘এ’ গ্র“পে পোর্তো ২-০ গোলে ডায়নামো জাগরেব ও প্যারিস সেন্ট জার্মেই ৪-১ গোলে ডায়ানামো কিয়েভকে হারিয়েছে। বি’ গ্র“পে মন্টপিলারকে ২-১ গোলে আর্সেনাল ও একই ব্যবধানে অলিম্পিয়াকসকে হারিয়েছে শালকে ০৪। ‘সি’ গ্র“পে এসি মিলান-আন্ডারলেখট গোল শূন্য ড্র করলেও জেনিত সেন্ট পিটাসবার্গকে ৩-০ গোলে হারিয়েছে মালাগা। ‘ডি’ গ্র“পে সাবেক চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ড ১-০ গোলে হারিয়েছে আয়াক্স আমস্টারডামকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০০৪ ঘ.