সিলেট, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে পৌনে পাঁচশ’ মিনি স্টেডিয়াম তৈরি করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
মঙ্গলবার বিকালে সিলেট সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, পিছিয়ে পড়া ফুটবলকে শক্তিশালী করতে স্থায়ী ফুটবল একাডেমি প্রতিষ্ঠার কাজও শুরু হবে এই সরকারের আমলেই।
দুপুরে সিলেটের বিকেএসপিতে পাঁচ বছরের জন্য শুরু হওয়া অস্থায়ী ফুটবল একাডেমির সংস্কার কাজ পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী।
মিনি স্টেডিয়াম বলতে তিনি বুঝিয়েছেন, উপজেলা মাঠ, স্কুল মাঠ কিংবা স্থানীয় কোনো মাঠ, যেখানে বসার ব্যবস্থা থাকবে।
এ ধরনের ৪৭৬টি মিনি স্টেডিয়ামে ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলারও ব্যবস্থা থাকবে বলে প্রতিমন্ত্রী জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি বাদল রায়, জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম-সচিব আব্দুর রহমান ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন সেলিম।
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৫টি স্টেডিয়াম প্রস্তুত করা হয়েছে। আরো কয়েকটি স্টেডিয়ামের আধুনিকায়ন করা হবে।
দেশে বর্তমানে ৮০টি স্টেডিয়াম আছে। শিগগির হবিগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন স্টেডিয়াম তৈরির কাজ শুরু হবে। এছাড়া ২৪ কোটি ব্যয়ে সিলেটে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের কথাও জানান প্রতিমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৫৫ ঘ.
bdnews24