ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপের সেরা ক্লাবগুলোর শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়নস লিগ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। এসি মিলান, আর্সেনাল ও পোর্তো প্রথম দিন মাঠে নামলেও সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ মাদ্রিদের সান্টিয়াগো বার্নাব্যুতে। ‘ডি’ গ্র“পের যে ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলবে টুর্নামেন্টের রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ লা লিগায় গতবার চ্যাম্পিয়ন হলেও এবার প্রথম চার ম্যাচের দুটিতেই হেরে গিয়ে রিয়াল এখন ভীষণ চাপের মধ্যে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে এরই মধ্যে ৮ পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা।
দেয়ালে পিঠ ঠেকে যাওয়া হোসে মরিনহো মঙ্গলবারের ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চান। রিয়ালের কোচ জানিয়েছেন, “আমার দলের খেলোয়াড়দের মনযোগে সমস্যা হচ্ছে। অনেকের কাছে এখন খেলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। খেলোয়াড়দের মনযোগে সমস্যা হলে তার দায় আমার ওপরেই বর্তায়।”
তবে অতীত মরিনহোর দলের জন্য আশাব্যঞ্জক। ইউরোপিয়ান ক্লাব কাপ বা চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে প্রথম ম্যাচে কখনোই হারেনি রিয়াল। আগের ৪২ বারের ৪০টিতেই জিতেছিলো ইউরোপের সফলতম ক্লাবটি। বাকি দুটি ড্র।
প্রথম দিন রিয়াল-ম্যান সিটি ছাড়াও ‘এ’ গ্র“পে পোর্তো-ডায়নামো জাগরেব ও প্যারিস সেন্ট জার্মেই-ডায়নামো কিয়েভ, ‘বি’ গ্র“পে মন্তপেলিয়ার-আর্সেনাল ও অলিম্পিয়াকোস-শালকে, ‘সি’ গ্র“পে এসি মিলান-অ্যান্ডারলেখট ও মালাগা-জেনিত সেন্ট পিটাসবার্গ এবং ‘ডি’ গ্র“পে বরুশিয়া ডর্টমুন্ড-আয়াক্স আমস্টারডাম মুখোমুখি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১৫৭ঘ.
bdnews24