ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দশম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ হবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। রোববার রাতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রতিযোগিতা শুরু হওয়ার তারিখ অবশ্য ঠিক হয়নি। ২০১৩ সালের অক্টোবর অথবা ডিসেম্বরে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নেপাল।
এর আগে ১৯৯৭ সালে নেপাল প্রথম বারের মতো সাফ ফুটবলের আয়োজন করেছিলো।
গত ডিসেম্বরে সাফ ফুটবলের সর্বশেষ আসর বসেছিলো ভারতের দিল্লি¬তে। সেবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিলো স্বাগতিকরাই। ৬বার চ্যাম্পিয়ন হওয়া ভারত এই প্রতিযোগিতার সফলতম দল। বাংলাদেশ, মালদ্বীপ ও শ্রীলঙ্কা শিরোপা জিতেছে এক বার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯২৭ঘ.
bdnews24