ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার নেপাল জাতীয় দলের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।
বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু নেপালকে শক্ত প্রতিপক্ষ হিসেবে নির্দ্বিধায় মেনে নিচ্ছেন। কাঠমান্ডু থেকে তিনি জানিয়েছেন, “গতিময় ফুটবল খেলে এমন একটি দলের মুখোমুখি হবো আমরা। যে দলটি যথেষ্ট গোছানো। সদ্য সমাপ্ত নেহরু কাপেও খেলে এসেছে তারা।”
“নেপালের বিপক্ষে না হারাই আমাদের মূল লক্ষ্য। আশা করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে,” যোগ করেন বাংলাদেশের কোচ।
বাংলাদেশের অধিনায়ক মোহাম্মদ সুজনও ভালো ম্যাচ উপহার দেয়ার প্রত্যাশা করছেন। তিনি জানিয়েছেন, “দলের প্রত্যেক খেলোয়াড় নিজের সেরাটা উপহার দিতে প্রস্তুত। আশা করি এই ম্যাচে ভালোই লড়াই হবে।”
২০ সেপ্টেম্বর নেপালের বিপক্ষেই দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলে ২২ সেপ্টেম্বর দেশে ফিরবে ফুটবল দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯০৮ঘ.
bdnews24