ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্প্যানিশ লা লিগায় মৌসুমের শুরুটা মোটেও ভালো যাচ্ছে না গত আসরের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। শনিবার সেভিয়ার কাছে ১-০ গোলে হেরেছে তারা। অন্যদিকে গেতাফেকে ৪-১ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় পেয়েছে বার্সেলোনা।
সেভিয়ার মাঠ র্যামন সানচেজ পিজজুয়ানে মাত্র দুই মিনিটেই পিওতর ট্রচস্কির গোলে পিছিয়ে পড়ে হোসে মরিনহোর দল।
গোল শোধে মরিয়া রিয়াল প্রথমার্ধেই দুটি সুবর্ণ সুযোগ পেয়েছিল। কিন্তু গঞ্জালো হিগুয়াইনের ব্যর্থতায় সেগুলো কাজে লাগেনি।
৫১ মিনিটে মর্ডিচের সৌজন্যে সমতা ফেরানোর দারুণ সুযোগ তৈরি করে রিয়াল। তার জোরালো শট গোলরক্ষককে ফাঁকি দিতে পারলেও পার্শ্ব বারে লেগে বল মাঠে ফিরে। ফিরতি বলেও গোল করার সুযোগ পেয়েছিলেন ফাঁকায় দাঁড়ানো হিগুয়াইন কিন্তু এবারো ব্যর্থ হন তিনি।
৫৪ মিনিটে প্রতি আক্রমণ থেকে দ্বিতীয় গোলটি পেয়েই যাচ্ছিলো সেভিয়া। তবে বাইরে মেরে সহজ সুযোগটি হাতছাড়া করে রিয়ালকে খেলায় রাখেন আলভারো নেগ্রেডো। সাত মিনিট পর সার্জিও রামোসের হেড লক্ষ্য খুঁজে না পাওয়ায় আবারো হতাশ হতে হয় রিয়ালকে।
৮১ মিনিটের ক্রিস্টিয়ানোর রোনালদোর দারুণ চেষ্টাটি ব্যর্থ করে দেন নাভারো। ম্যাচ শেষে সেভির প্রশংসা করে মরিনহো বলেন, “জয়টা ওদের প্রাপ্য ছিল। জেতার জন্য ওরা সম্ভাব্য সবকিছু করেছে।”
“আমরা কোনো অর্ধেই ভালো খেলেনি। হারই আমাদের প্রাপ্য ছিল। এই মুহূর্তে আমার কোনো দলই নেই,” যোগ করেন তিনি।
৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে রিয়াল। সমান খেলায় ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।
গেতাফের মাঠ কলিসিয়াম আলফন্সো পেরেজে বার্সার জয়ের প্রধান রূপকার লিওনেল মেসি। দলের চার গোলের দুটোই আর্জেন্টাইন তারকার।
৩২ মিনিটে বার্সার এগিয়ে যাওয়া অবশ্য ব্রাজিলিয়ান লেফট ব্যাক আদ্রিয়ানো কোরেইয়ার লক্ষ্যভেদে।
দীর্ঘক্ষণ ঐ এক গোল নিয়ে সন্তুষ্ট থাকা কাতালান পরাশক্তিদের পেনাল্টি থেকে দ্বিতীয় গোল উপহার দেন মেসি, ৭৪ মিনিটের সময়।
৪ মিনিট পর আবার মেসির গোলের উচ্ছ্বাসে ভেসে যাওয়া। ৮০ মিনিটে মেসির স্বদেশী হাভিয়ের মাসচেরানোর আত্মঘাতী গোল ব্যবধান কমালেও তা বার্সার জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
বরং শেষ মুহূর্তে সদ্য চোট কাটিয়ে ফেরা ডেভিড ভিয়ার লিগের প্রথম গোল অতিথিদের বড় জয় নিশ্চিত করে দেয়।
শনিবার লা লিগার অন্য দুই ম্যাচে মালাগা ৩-১ গোলে লেভান্তেকে এবং ভ্যালেন্সিয়া ২-১ গোলে সেল্টা ভিগোকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০৯৫৮ ঘ.
bdnews24