ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুটি প্রীতি ম্যাচ খেলতে শনিবার নেপাল যাচ্ছে ২৩ সদস্যের জাতীয় ফুটবল দল। সকাল সাড়ে ৯টায় রওনা দেবে তারা।
আগামী ১৮ ও ২০ সেপ্টেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডুতে হবে ম্যাচ দুটো। দুটো ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল জাতীয় দল। বাংলাদেশ দল দেশে ফিরবে ২২ সেপ্টেম্বর।
আগামী বছর দিল্লি এসএ গেমস ও এএফসি চ্যালেঞ্জ কাপের প্রস্তুতি হিসেবে জাতীয় দলের এই ‘নেপাল-অভিযান’। যদিও কোনো টুর্নামেন্টেরই শুরু হওয়ার তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
এসএ গেমস জানুয়ারি বা ফেব্র“য়ারিতে হতে পারে। ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে বাংলাদেশ ফুটবলে সোনা জিতেছিলো।
সেই শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে আগে-ভাগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ দল। কোচ সাইফুল বারী টিটু অবশ্য নেপাল সফর নিয়ে তেমন আশাবাদের কথা শোনাতে পারেননি। তিনি বলেন, “আমরা অল্প কয়েক দিনের প্রস্তুতি নিয়ে নেপালে যাচ্ছি । আমাদের প্রধান লক্ষ্য কোনো ম্যাচেই না হারা।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৫ঘ.
bdnews24