ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেপাল জাতীয় দলের বিপক্ষে দুটি প্রদর্শনী ম্যাচ খেলতে শনিবার ঢাকা ছেড়ে যাচ্ছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার এই উপলক্ষ্যে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ন্যাশনাল টিমস কমিটি।
কোন সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়াই বাংলাদেশ দল নেপাল যাচ্ছে। দলের কোচ সাইফুল বারি টিটু জানিয়েছেন, “স¤প্রতি নেপাল জাতীয় দল ভারতের নেহেরু কাপ খেলে এসেছে। দলটি অনেক গোছালো। এই দলের বিপক্ষে আশা করছি প্রতিদ্বন্দ্বিতা ভালোই হবে।”
“মাঠে আমাদের কৌশল থাকবে রক্ষণভাগকে সুদৃঢ় রেখে আক্রমণে যাওয়া। কোনভাবেই যেনো গোল হজম না করতে হয় সে দিকে লক্ষ্য রাখা। আমি মনে করি নেপালের বিপক্ষে না হারা জেতার চেয়ে কোন অংশে খারাপ না,” যোগ করেন টিটু।
খেলোয়াড়দের ফিটনেসে কিছু ঘাটতি আছে বলে স্বীকার করেন দলের কোচ। তিনি বলেন, “খেলোয়াড়রা দীর্ঘদিন খেলার বাইরে থাকায় ফিটনেসে কিছুটা ঘাটতি তৈরি হয়েছে। প্রস্তুতি অল্প কিছুদিনের হওয়ায় ঘাটতিটা ভালোভাবে কাটানো সম্ভব হয়নি।”
দলের অধিনায়ক মোহাম্মদ সুজনও স্বীকার করেন খেলোয়াড়দের ফিটনেস ঘাটতি রয়েছে। তিনি বলেন, “রোজার কারণে আমরা একমাস অনুশীলনের বাইরে ছিলাম। তাছাড়া এসময় খেলাও ছিলো না। তাই ফিটনেসে ঘাটতি তৈরি হওয়াটা স্বাভাবিক।”
এদিকে টিটুর এই দলে চারজন নতুন মুখ স্থান পেয়েছেন। তারা হলেন স্ট্রাইকার আনোয়ার হোসেন, ডিফেন্ডার রায়হান হাসান, মিডফিল্ডার সোহেল রানা ও গোলরক্ষক মাকসুদুর রহমান মোস্তাক।
মূলত ৮১ জন খেলোয়াড় থেকে প্রাথমিকভাবে ২৮ জনকে বাছাই করা হয়। আর এই দল থেকে বাদ পড়েছেন ইমতিয়াজ সুলতান জিতু, মেজবাবুল হক মানিক, এনামুল হক, মাঝহারুল ইসলাম হিমেল, তৌহিদুল আলম সবুজ।
১৮ ও ২০ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে দুটি প্রদর্শনী ম্যাচ হবে। বাংলাদেশ দল দেশে ফিরবে ২২ সেপ্টেম্বর।
বাংলাদেশ দল-
গোলরক্ষক: মাকসুদুর রহমান মোস্তাক, জিয়াউর রহমান ও তিতুমির চৌধুরী টিটু।
ডিফেন্ডার: মোহাম্মদ সুজন, ওয়ালী ফয়সাল, নাসির উদ্দিন চৌধুরী, মামুন মিয়া, রেজাউল করিম, আতিকুর রহমান মিশু, মোহাম্মদ লিংকন ও রায়হান হাসান।
মিডফিল্ডার: প্রানতোষ কুমার, মামুনুল ইসলাম, শাকিল আহমেদ, শাহেদুল আলম শাহেদ, আলমগীর কবির রানা, সোহেল রানা ও জাহিদ হোসেন।
স্ট্রাইকার: জাহিদ হাসান এমিলি, আব্দুল বাতেন কোমল, শাখাওয়াৎ হোসেন রনি, আনোয়ার হোসেন ও মিঠুন চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৩০ঘ.
bdnews24