ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুধবার ঢাকাস্থ বৃটিশ হাই কমিশন লন্ডন অলিম্পিকে অংশ নেয়া বাংলাদেশের ক্রীড়াবিদ, কর্মকর্তা এবং সাংবাদিকদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
এই অনুষ্ঠানে বৃটিশ ডেপুটি হাই কমিশনার নিক লো প্রতীকি হিসেবে অলিম্পিকের পতাকা তুলে দেন ব্রাজিলের হাই কমিশনার ফাউস্ট গোদয়ের হাতে। ২০১৬ অলিম্পিকের আয়োজক ব্রাজিলের রিও ডি জেনিরো।
বৃটিশ হাই কমিশনার রবার্ট গিবসন অনুষ্ঠানে উপস্থিত থাকলেও মূল বক্তব্য উপস্থাপন করেন ডেপুটি হাইকমিশনার নিক লো। তিনি বলেন, “সকলের সহযোগিতায় লন্ডন অলিম্পিক গেমস সফলভাবে আয়োজন করতে পেরে আমরা গর্বিত। আরো গর্বিত আমরা ২৯টি সোনার পদক জিতেছি বলে।”
“১৯৯৬ সালে অনুষ্ঠিত আটলান্টা অলিম্পিকে আমরা মাত্র একটি সোনা জিতেছিলাম। আর ২০১২ সালে জিতেছি ২৯টি। আমাদের ক্রীড়াবিদ এবং কর্মকর্তাদের আন্তরিক চেষ্টার কারণেই এই সাফল্য,” যোগ করেন নিক লো।
বৃটিশ ডেপুটি হাই কমিশনার মনে করেন, ভবিষ্যতে বাংলাদেশের পক্ষেও অলিম্পিকে পদক জেতা সম্ভব। তিনি বলেন, “খেলার প্রতি বাংলাদেশের মানুষের যে আবেগ তা অনেক দেশেই নেই। আমার বিশ্বাস চেষ্টা অব্যাহত থাকলে একদিন বাংলাদেশেরও পতাকা উড়বে অলিম্পিকে।”
ব্রাজিল হাই কমিশনার ফাউস্ট গোদয় আগামী অলিম্পিক সাফল্যের সঙ্গে আয়োজনের ব্যাপারে আশা প্রকাশ করেন। তিনি বলেন, “লন্ডন যতটা সফলভাবে অলিম্পিক আয়োজন করেছে ঠিক ততটা না হলেও তার কাছাকাছি যেতে পারবো আমরা। পুরো ব্রাজিল সাফল্যের সঙ্গে অলিম্পিক আয়োজনে উদগ্রীব হয়ে আছে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন লন্ডন অলিম্পিকে বাংলাদেশের দলনেতা নুরুল ফজল বুলবুল। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক কর্নেল (অব.) এম ওয়ালিউল্ল¬াহ, সহ-সভাপতি মিজানুর রহমান মানু, খন্দকার জামিল উদ্দিন এবং অলিম্পিকে অংশ নেয়া তিন ক্রীড়াবিদ সাঁতারু মাহফিজুর রহমান সাগর, শূটার শারমিন আক্তার রতœা ও আরচার ইমদাদুল হক মিলন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২৩১৫ঘ.
bdnews24