ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেটে মেয়েরা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিলেও ফুটবলে বাংলাদেশ ব্যর্থ। মঙ্গলবার দ্বিতীয় সাফ মহিলা ফুটবলে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে এগিয়ে গিয়েও ১-২ গোলের হার সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভেঙ্গে দিয়েছে বাংলাদেশের।
২০১০ সালে কক্সবাজারে অনুষ্ঠিত প্রথম সাফ মহিলা ফুটবল ও ঢাকায় সাউথ এশিয়ান (এসএ) গেমসে দুবার শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারানো বাংলাদেশের শেষ চার নিশ্চিত করার জন্য জিততেই হতো।
সিলন রাগবি ও ফুটবল ক্লাব মাঠে ৭৫ মিনিটে অং ম্রা চিং মারমার দুর্দান্ত গোল এগিয়ে দেয় বাংলাদেশকে।
পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। সমতা ফেরাতে বেশি সময় নেয়নি ফিফা র্যাংকিংয়ে ১২৮ নম্বরে থাকা শ্রীলঙ্কা। ৮৩ মিনিটে হানসারা দিলরাঙ্গি সমতা নিয়ে আসেন ম্যাচে।
আর ৮৬ মিনিটে অচলা চিত্রানির গোল ফিফা র্যাংকিংয়ের ১১৫ নম্বর দল বাংলাদেশের শেষ চারের স্বপ্ন ভেঙ্গে দেয়।
‘এ’ গ্র“পে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান তৃতীয়। প্রথম খেলায় গতবারের চ্যাম্পিয়ন ভারতের কাছে ৩-০ গোলে হেরে গেলেও পরের খেলায় ভুটানকে একমাত্র গোলে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছিলো বাংলাদেশ।
৩ খেলায় ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই সেমিফাইনাল নিশ্চিত করেছে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল ভারত। সমান খেলায় ৬ পয়েন্ট নিয়ে শেষ চারে তাদের সঙ্গী শ্রীলঙ্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩১ঘ.
bdnews24