ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাধীনতা দিবসে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারানোর পরও দুয়োধ্বনি শুনতে হয়েছিল ব্রাজিলকে। মঙ্গলবার নেইমারের হ্যাটট্রিকে রেসিফে চীনকে ৮-০ হারিয়ে দিয়ে মাঠেই জবাব দিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
চীর প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ১৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবরের ম্যাচ দুটির আগে এই জয় ব্রাজিলকে অনুপ্রাণিত করবে।
লন্ডন অলিম্পিকের ফাইনালে মেক্সিকোর কাছে হারের পর থেকে দলের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ব্রাজিলের ফুটবল পাগল মানুষ। প্রতিপক্ষকে সমর্থন দিয়ে মানো মেনেজেসের দলের ওপর চাপ আরো বাড়িয়েছে তারা।
সোমবারের বিশাল জয়ের পর সমর্থকদের মন গলবে বলেই ভাবছে ব্রাজিলের খেলোয়াড়রা। দানিয়েল আলভেস বলেন, “আমরা জানি, আমাদের উন্নতি করতে হবে। কিন্তু তাদের (সমর্থকদের) ছাড়া তা সম্ভব নয়।”
“তাদের সহায়তায় এটি অনেক সহজ হয়ে যায়,” যোগ করেন তিনি।
২২ মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন রামিরেস। এরপর নেইমারের গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি।
দ্বিতীয়ার্ধের শুরুতে লুকাস ও হাল্কের গোলে ৪-০ গোলে এগিয়ে যায় মেনেজেসের দল। খেলা শেষ হওয়ার ৩০ মিনিট আগেই হ্যাটট্রিক পূর্ণ করে নেইমার ব্রাজিলের সহজ জয় নিশ্চিত করেন।
চীনের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় লিউ জিয়ানইয়ের আত্মঘাতী ও অস্কারের পেনাল্টি গোল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১১৪৬ ঘ.
bdnews24