২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭৬ বছরের অপেক্ষা ঘোচালেন মারে

ইউএস ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে নিজের প্রথম গ্র্যান্ড স্লাম জিতলেন অ্যান্ডি মারে, যার মধ্য দিয়ে পুরুষ এককের একটি গ্র্যান্ড স্লামের জন্য ব্রিটিশদের ৭৬ বছরের অপেক্ষার অবসান ঘটল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2012, 03:59 AM

Updated : 24 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউএস ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে নিজের প্রথম গ্র্যান্ড স্লাম জিতলেন অ্যান্ডি মারে, যার মধ্য দিয়ে পুরুষ এককের একটি গ্র্যান্ড স্লামের জন্য ব্রিটিশদের ৭৬ বছরের অপেক্ষার অবসান ঘটল। সোমবার নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৭-৬ ও ৭-৫ গেমে প্রথম দুই সেট জিতে নেয়া মারেকে শিরোপা জিততে খেলতে হয়েছে পঞ্চম সেট পর্যন্ত। চার ঘণ্টা ৫৪ মিনিটের লড়াইয়ের তৃতীয় ও চতুর্থ সেটে মারেকে সহজেই ২-৬ ও ৩-৬ ব্যবধানে পেছনে ফেলেন আগের আসরের চ্যাম্পিয়ন সার্বিয়ার নোভাক জোকোভিচ। কিন্তু পঞ্চম সেটে ৬-২ গেমে জিতে ইতিহাস গড়লেন বিশ্বের তৃতীয় শীর্ষ বাছাই মারে। আর এর মধ্য দিয়ে এবারের অলিম্পিকের সোনাজয়ী এই টেনিস তারকা দারুণ এক মওসুম শেষ করলেন। এর আগে চারটি গ্রান্ড স্লামের ফাইনাল থেকে হতাশা নিয়ে ফিরতে হয়েছিল ২৫ বছর বয়সী মারেকে। সোমবার ম্যাচ শেষে তিনি বলেন, “তৃতীয় ও চতুর্থ সেট হারের পর আমাকে মানসিক শক্তির পরীক্ষা দিতে হয়েছে।” “নোভাক খুব শক্তিশালী। আমি জানি না, কি করে তাকে শেষ পর্যন্ত হারাতে পেরেছি,” যোগ করেন মারে। পাঁচটি গ্রান্ড স্লাম জয়ী জোকোভিচের সামনে এবারের ফাইনালে সুযোগ এসেছিলে পাবলো গঞ্জালেসের সামনে দাঁড়ানোর। ১৯৪৯ সালে প্রথম দুই সেট হেরে গিয়েও শিরোপা জিতেছিলেন গঞ্জালেস, এরপর আর কেউ তা করে দেখাতে পারেননি। মারের আগে ব্রিটেনকে সর্বশেষ গ্র্যান্ড স্লামটি এনে দিয়েছিলেন ফ্রেড পেরি, ১৯৩৬ সালে । সে সময় টেনিস খেলা হতো কাঠের র‌্যাটেক দিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/জেকে/০৯৪৫ ঘ.