ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে দেশের মাটিতে ৩৯ বছর পর প্যারাগুয়েকে হারিয়ে দারুণ উজ্জীবিত আর্জেন্টিনা। এবার দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে ঘরের মাঠের ‘বাঘ’ পেরু। পেরুর রাজধানী লিমার ন্যাশনাল স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টা ২৫ মিনিটে।
২৭ বছর আগে ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল পেরু। তবে ১৯৮৫ সালের সেই হারের পর বিশ্বকাপ বাছাই পর্বে পেরুর কাছে আর হারেনি আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে ম্যারাডোনার দেশের সর্বশেষ হার ১৫ বছর আগে, ১৯৯৭ সালে কোপা আমেরিকায়।
দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসিই পেরুভিয়ানদের জন্য সবচেয়ে বড় হুমকি। এই সময়ের সেরা ফুটবলারকে থামানোর দায়িত্ব থাকছে রক্ষণাত্মক মিডফিল্ডার এডউইন রেতামোসোর ওপরে।
সর্বশেষ তিন ম্যাচে জয় পাওয়া আর্জেন্টিনা ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষে রয়েছে। এই ৬ ম্যাচে ১০ গোল করা মেসিই আর্জেন্টিনার সাফল্যের প্রধান রূপকার। ১৯৮২ সালে সর্বশেষ বিশ্বকাপ খেলা পেরুর সংগ্রহ ৬ পয়েন্ট।
এই ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার হাভিয়ের মাসচেরানো।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে এই রাউন্ডে চিলির বিপক্ষে খেলবে কলম্বিয়া। ইকুয়েডরের প্রতিপক্ষ উরুগুয়ে। আর প্যারাগুয়ের সঙ্গে ভেনিজুয়েলার লড়াই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০২০ঘ.
bdnews24