ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুটবল অ্যাকাডেমির জন্য খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ডেভেলপমেন্ট কমিটি।
এই কার্যক্রম পরিচালনার জন্য জেলা ফুটবল অ্যাসোসিয়েশন বা ডিএফএগুলোকে ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে। ডিএফএগুলোর মাধ্যমে ক্রমান্বয়ে দেশের প্রায় পাঁচশ’ উপজেলায় বাছাই কার্যক্রম পরিচালিত হবে।
বাফুফে কোচেস প্যানেলের সদস্যরা প্রাথমিক বাছাই কার্যক্রম পরিচালনা করবেন। গত ২ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলায় অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৮ বয়স শ্রেণীর খেলোয়াড় বাছাই দিয়ে শুরু হয়েছে এই কার্যক্রম।
প্রতি উপজেলা থেকে প্রাথমিকভাবে ৫ জন করে দুটো বয়স শ্রেণীতে ১০ জনকে মনোনীত করা হবে। সেখান থেকে জেলা ও বিভাগীয় পর্যায়ে বাছাই শেষে চূড়ান্ত পর্বের জন্য ১২০ জন মনোনীত হবে।
সবশেষে ফিফার বিশেষজ্ঞ কোচরা দুটো বয়স শ্রেণীতে ৩০ জন করে ৬০ জনকে অ্যাকাডেমির জন্য বাছাই করবেন।
বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সভাপতি বাদল রায় জানিয়েছেন, “কোরবানী ঈদের আগে প্রাথমিক বাছাই সম্পন্ন করা সম্ভব হবে। এর মধ্যে অ্যাকাডেমি ভবন (সিলেট বিকেএসপি) ব্যবহারের উপযোগী হয়ে উঠবে। ঈদের পর অ্যাকাডেমির কার্যক্রম শুরু করতে পারবো।”
ফুটবল অ্যাকাডেমির জন্য সিলেট বিকেএসপি সরকারের কাছ থেকে পাঁচ বছরের জন্য লিজ নিয়েছে বাফুফে। এটা ব্যবহার উপযোগী করার জন্য বড় ধরনের সংস্কারের প্রয়োজন। জাতীয় ক্রীড়া পরিষদ এরই মধ্যে সংস্কারের কাজ শুরু করে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২২৭ঘ.
bdnews24