২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড-জার্মানি-ফ্রান্সের শুভ সূচনা, ইতালির হোঁচট

২০১৪ বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্ব জয় দিয়ে শুরু করেছে ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডস। তবে ড্র করেছে ইতালি। বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের প্রথম ম্যাচ মঙ্গলবার, জর্জিয়ার বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2012, 07:55 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১৪ বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্ব জয় দিয়ে শুরু করেছে ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডস। তবে ড্র করেছে ইতালি। বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের প্রথম ম্যাচ মঙ্গলবার, জর্জিয়ার বিপক্ষে। ‘এইচ’ গ্র“পে ইংল্যান্ড ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে মলদোভাকে। প্রতিপক্ষের মাঠে দুই গোল করেছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড; একটি করে গোল জার্মেইন ডেফো, জেমস মিলনার ও লেটন বেইনসের। ‘সি’ গ্র“পে জার্মানি ৩-০ গোলে জিতেছে ফারো দ্বীপপুঞ্জের বিপক্ষে। ঘরের মাঠ হ্যানোভারে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়নদের পক্ষে দুই গোল মেসুত ওজিলের, অন্য গোলটি মারিও গোয়েতজের। ‘আই’ গ্র“পে হেলসিংকিতে আবু দিয়াবির লক্ষ্যভেদে ফ্রান্স ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক ফিনল্যান্ডকে। আর আমস্টারডাম স্টেডিয়ামে ‘ডি’ গ্র“পের লড়াইয়ে নেদারল্যান্ডস ২-০ গোলে তুরস্ককে হারিয়েছে। স্বাগতিকদের দুই গোলদাতা রবিন ফন পার্সি ও লুসিয়ানো নরসিং। কিন্তু ‘বি’ গ্র“পে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি সোফিয়া থেকে জয় নিয়ে ফিরতে পারেনি। পাবলো অসভালদোর জোড়া গোল প্রথমার্ধে ইতালীয়দের ২-১ ব্যবধানে এগিয়ে রাখলেও বিরতির পর বুলগেরিয়াকে সমতায় ফেরান গিওর্গি মিলানভ। খেলা শেষ হয় ২-২ সমতায়। জিতেছে পর্তুগালও। যদিও লুক্সেমবার্গের মাঠে পর্তুগিজ বংশোদ্ভূত ড্যানিয়েল দা মোতার গোল পিছিয়ে দিয়েছিলো তাদের। তবে ক্রিস্টিয়ানো রোনালদো ও হেল্ডার পোস্টিগার লক্ষ্যভেদ তিন পয়েন্ট এনে দেয় পর্তুগালকে। এছাড়া আয়ারল্যান্ড ২-১ গোলে কাজাখস্তানকে, রাশিয়া ২-০ গোলে উত্তর আয়ারল্যান্ডকে এবং বসনিয়া-হার্জেগোভিনা ৮-১ গোলে হারিয়েছে লিচটেনস্টেইকে। হ্যাটট্রিক করেছেন এদিন জেকো এবং ভেদাদ ইবিসেভিচ। এদিকে উত্তর-মধ্য আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে সবাইকে চমকে দিয়েছে জ্যামাইকা। কিংস্টনে মাত্র ৩৫ সেকেন্ডে ক্লিন্ট ডেম্পসি মার্কিনিদের এগিয়ে দিলেও রুড্লফ অস্টিন ও লুটন শেলটনের গোল স্মরণীয় জয় এনে দেয় স্বাগতিকদের। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ মেক্সিকো ২-০ গোলে হারিয়েছে কোস্টারিকাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৩৫২ঘ.