ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আমেরিকার ২০১৪ বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় শুক্রবার মারিও ক্যাম্পেস স্টেডিয়ামে প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।
অ্যাঞ্জেল ডি মারিয়া, গঞ্জালো হিগুয়াইন ও মেসির গোলে প্যারাগুয়ের বিপক্ষে ৩৯ বছর পর দেশের মাটিতে বিশ্বকাপ বাছাই পর্বে জয় পেল আর্জেন্টিনা।
১৩ পয়েন্ট নিয়ে বাছাই পর্বের শীর্ষে থাকা আর্জেন্টিনা চিলি ও ইকুয়েডরের চেয়ে এক এবং উরুগুয়ের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে।
ম্যাচ শেষে সতীর্থদের প্রশংসা করেছেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি। তিনি বলেন, “এই জয় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা পেরুর বিপক্ষে খেলব, নিজেদের মাটিতে তারা ভীষণ শক্ত প্রতিপক্ষ।”
“গ্রুপের শীর্ষে থাকা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন আত্মবিশ্বাস ধরে রাখা মূল ব্যাপার,” যোগ করেন মেসি।
ইজেকুইল ল্যাভেজ্জির পাস থেকে মাত্র ৩ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে নেন অ্যাঞ্জেল ডি মারিয়া। সমতা ফেরাতে বেশি সময় নেয়নি প্যারাগুয়ে। নিষেধাজ্ঞার কবলে পড়া হ্যাভিয়ের মাসচেরানোর বদলে খেলতে নামা রডরিগো বার্নের হ্যান্ডবল থেকে পাওয়া পেনাল্টি থেকে ১৭ মিনিটে গোল করেন জোনাথান ফ্যাব্রো।
৩০ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ব্যর্থতায় গোল করে দলকে এগিয়ে নেন হিগুয়াইন। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। কিন্তু তার ফ্রি কিক পোস্টে লেগে মাঠে ফিরলে সে যাত্রায় বেঁচে যায় প্যারাগুয়ে।
৬৪ মিনিটে ফ্রি-কিক থেকেই গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন তিনবারের ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি। দেশের হয়ে শেষ ৬ খেলায় এটি মেসির দশম গোল।
১১ সেপ্টেম্বর বাছাই পর্বের খেলায় আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু।
শুক্রবার বাছাই পর্বের অন্য খেলায় ঘরের মাঠে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে ৪-০ গোলে হারিয়েছে কলম্বিয়া। ইকুয়েডর ১-০ গোলে বলিভিয়া এবং পেরু ২-১ গোলে ভেনিজুয়েলাকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এমআই/১১৫০ ঘ.
bdnews24