২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশের মেয়েদের হার

লতা মন্ডল ও ফারজানা হকের অর্ধশতকের পরও দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল অতিথিরা। রোববার তৃতীয় ওয়ানডে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 09:08 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লতা মন্ডল ও ফারজানা হকের অর্ধশতকের পরও দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল অতিথিরা। রোববার তৃতীয় ওয়ানডে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৯ রান করে বাংলাদেশ। ওয়ানডেতে এটি স্বাগতিকদের দ্বিতীয় সর্বোচ্চ রান। জবাবে ৪৯ ওভার ২ বলে ৬ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়া করতে নেমে জাহানারা আলমের তোপের মুখে ৩৩ রানেই চার উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। পঞ্চম উইকেটে অ্যালিসন হজকিন্সের (৩৩) সঙ্গে ৬৪ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন দেন মারিজান্নে কাপ। দলীয় ৯৭ রানে অ্যালিসনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সাবলীলভাবে খেলতে থাকা জুটি ভাঙ্গেন অধিনায়ক সালমা খাতুন। ষষ্ঠ উইকেটে ডেন ভ্যান নিকার্কের সঙ্গে ৩৩ রানের আরেকটি কার্যকর জুটি গড়ে স্বাগতিকদের বেশ চাপে ফেলে দেন মারিজান্নে (৩৯)। খাদিজাতুল কুবরার বলে বোল্ড হয়ে মারিজান্নের বিদায়ে আশা জেগে উঠে স্বাগতিকদের। অষ্টম উইকেটে সাবনিম ইসমাইলের (২৪*) সঙ্গে নিকার্কের (৪৫) রানের জুটি শেষ পর্যন্ত অতিথিদের জয় এনে দেয়। অবশ্য এ সময়ে সহজ তিনটি ক্যাচ বাংলাদেশের ফিল্ডাররা হাত ছাড়া না করলে খেলার ফলাফল অন্যরকমও হতে পারতো। ৩৫ রানে ৩ উইকেট নিয়ে জানাহারা বাংলাদেশের সেরা বোলার। এছাড়া সালমা ২ উইকেট নেন ২৫ রানে। এর আগে ব্যাট করতে নেমে শারমিন আক্তারের ১২ রানের পরও ৪৩ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে আগের ম্যাচের সেরা খেলোয়াড় লতার সঙ্গে ফারজানার ৭০ রানের জুটি শুরুর ধাক্কা সামাল দিয়ে স্বস্তি¡ ফেরায় বাংলাদেশ শিবিরে। দলীয় ১১৩ রানে লতাকে ফিরিয়ে (৫২) অতিথিদের জন্য বিপদজনক হয়ে উঠা জুটি ভাঙ্গেন সুনীতি লুবসার। এটিই লতার প্রথম অর্ধশতক। তার ৮৩ বলের ইনিংসে ৫টি চার। পঞ্চম উইকেটে অধিনায়ক সালমা খাতুনের (১১) সঙ্গে ফারজানার ৪২ রানের জুটির সৌজন্যে দেড়শ পেরোয় স্বাগতিকরা। প্রথম অর্ধশতকে পৌঁছানোর পরপরই ফারজানা (৫৫) সাজঘরে ফেরেন দুর্ভাগ্যজনক রান আউট হয়ে। ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস। তার ৮৮ বলের ইনিংসে ৬টি চার। দলীয় ১৬৫ রানে ফারজানার বিদায়ের পর বেশি দূর এগোয়নি স্বাগতিকদের ইনিংস। দক্ষিণ আফ্রিকার পক্ষে দুটি করে উইকেট নেন লুবসার ও ড্যান ভ্যান নিকার্ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৬৩৫ ঘ.