২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়া মন্ত্রণালয়ের আংশিক সম্মতি

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বরাদ্ধ দিতে আংশিক সম্মতি দিয়েছে ক্রীড়া মন্ত্রণলায়। এ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠিও দিয়েছে তারা। যার অনুলিপি পেয়েছে বাফুফে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 02:07 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বরাদ্ধ দিতে আংশিক সম্মতি দিয়েছে ক্রীড়া মন্ত্রণলায়। এ নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠিও দিয়েছে তারা। যার অনুলিপি পেয়েছে বাফুফে। বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বিষয়টির সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, “স্টেডিয়াম বাফুফেকে বরাদ্ধ দেয়ার জন্য প্রয়োজনীয় কাজ সমাধানে জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। সব কিছু ঠিক থাকলে হয়তো অচিরেই পুরো সম্মতি মিলবে।” মূলত ২০ বছরের জন্য এই স্টেডিয়াম বরাদ্ধ পেতে ক্রীড়া মন্ত্রনালয়কে চিঠি দিয়েছিলো বাফুফে। যেখানে বসানো হবে দেশের দ্বিতীয় সিনথেটিক টার্ফ। বর্তমানে আরামবাগ বালুর মাঠে একটি টার্ফ বসিয়েছে বাফুফে ফিফার গোল প্রজেক্টের অধিনে। অবশ্য ফিফা শর্ত জুড়ে দিয়েছে নিজেদের মালিকানায় জায়গা থাকলে গোল প্রজেক্টের অধিনে তারা বাফুফেকে আরেকটি টার্ফ দেবে। স্টেডিয়ামটি বরাদ্ধ পেতে গত জুলাইতে ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সঙ্গে কথা বলেন বাফুফে কর্মকর্তারা। ক্রীড়া প্রতিমন্ত্রী তখন নীতিগতভাবে রাজি হয়েছিলেন স্টেডিয়ামটি বরাদ্ধ দিতে। বাফুফে সহ-সভাপতি বাদল রায় জানিয়েছেন, “কমলাপুরে টার্ফ বসানো সম্ভব হলে ফিফা আশ্বাস দিয়েছে পরবর্তীতে পর্যায়ক্রমে আরো টার্ফ দেবে। সিলেট বিকেএসপির অ্যাকাডেমি রয়েছে, আরো বিভিন্ন জায়গায় বসানোর জন্য টার্ফ চাইবো আমরা।” “এই টার্ফ পেলে ফুটবলারদের অনুশীলনের সঙ্কট কিছুটা হলেও দুর হবে। মাঠ সঙ্কটের কারণে অনুশীলনের জন্য এখন প্রায় প্রতিটি দলকে বিভিন্ন জায়গায় হন্যে হয়ে ঘুরতে হয়। কমলাপুরে টার্ফ বসাতে পারলে এই সমস্যার কিছুটা হলেও সমাধান হবে,” যোগ করেন বাফুফে সহ-সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০০৫ঘ.