ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনের বৃষ্টি বিঘ্নিত মঙ্গলবার মেয়েদের এককের বর্তমান চ্যাম্পিয়ন সামান্থা স্টোসারকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছেন র্যাংকিংয়ের শীর্ষ খেলোয়াড় ভিক্টোরিয়া আজারেঙ্কা।
প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে বেলারুশের আজারেঙ্কা ৬-১, ৪-৬,৭-৬ গেমে হারান অস্ট্রেলিয়ার স্টোসারকে।
ম্যাচ জয়ের পর আনন্দিত আজারেঙ্কা বলেন, “এটা অনেক কিছু, কিন্তু শিরোপা তুলে ধরার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। আমি অবশ্যই থামতে চাই না।”
বৃষ্টির কারণে এদিনের ছয়টি একক ম্যাচের মধ্যে মাত্র দুইটি শেষ করা সম্ভব হয়েছে। মেয়েদের এককের অন্য কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন মারিয়া শারাপোভা ও মারিওঁ বারতোলি। প্রথম সেটে ০-৪ পয়েন্টে এগিয়ে ছিলেন বারতোলি। এরপর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।
পুরুষ এককের চতুর্থ রাউন্ডের চারটি ম্যাচের মধ্যে মাত্র একটি শেষ করা সম্ভব হয়েছে। ওই ম্যাচে রিচার্ড গ্যাসকুয়েটকে ৭-৫, ৭-৬, ৬-৪ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন ডেভিড ফেরার।
স্থগিত হওয়া ম্যাচগুলো বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১১২৮ ঘ.
bdnews24