২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির দিকেই তাকিয়ে আর্জেন্টিনা

বার্সেলোনায় তো বটেই, জাতীয় দলের হয়েও ইদানীং তার পায়ে গোলের ফুলঝুরি। শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেও লিওনেল মেসির দিকে তাকিয়ে আর্জেন্টিনা। মেসি নিজেও ঘরের মাঠে স্বদেশের মানুষকে আরেকটি জয় উপহার দিতে উদগ্রীব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 07:19 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনায় তো বটেই, জাতীয় দলের হয়েও ইদানীং তার পায়ে গোলের ফুলঝুরি। শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেও লিওনেল মেসির দিকে তাকিয়ে আর্জেন্টিনা। মেসি নিজেও ঘরের মাঠে স্বদেশের মানুষকে আরেকটি জয় উপহার দিতে উদগ্রীব। গত নভেম্বরে বুয়েনস এইরেসে বলিভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে সমর্থকদের দুয়ো পাওয়ার পর থেকেই আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনার দুর্দান্ত সাফল্য। বলাই বাহুল্য, সেই সাফল্যের কান্ডারি এই সময়ের সেরা ফুটবলার। বলিভিয়ার সঙ্গে হোঁচট খাওয়ার চার দিন পর কলম্বিয়ার মাঠে পিছিয়ে পড়েও মেসি ও সার্জিও অ্যাগুয়েরোর গোল দিয়ে আর্জেন্টাইনদের জয়যাত্রার সূচনা। বার্নে সুইজারল্যান্ডকে ৩-১ এবং বুয়েনস এইরেসে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরকে ৪-০ গোলে উড়িয়ে দেয়া ম্যারাডোনার দেশের পরের দুটো ম্যাচের অভিজ্ঞতা দারুণ মধুর। জুনে নিউ জার্সিতে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-৩ এবং গত মাসে ফ্রাঙ্কফুর্টে জার্মানিকে ৩-১ গোলে হারানোর সুখস্মৃতি নিশ্চয়ই অনেক দিন অনুপ্রাণিত করবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। টানা পাঁচ ম্যাচে দেশকে জয় এনে দেয়ার পথে ব্রাজিল ও সুইজারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন মেসি। বাকি তিন ম্যাচে তার একটি করে গোল। মেসির ধারণা, আর্জেন্টিনার এই বদলে যাওয়ার পেছনে বলিভিয়ার ম্যাচটির বড় ভূমিকা। মঙ্গলবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সদর দপ্তর এজেইজায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা জানতাম বলিভিয়ার বিপক্ষে ম্যাচের পর আমাদের অনেক কিছু পাল্টে ফেলতে হবে। আমরা এটাও জানতাম যে খেলা আর ফল দিয়েই ভক্তদের মন জয় করতে হবে।” শুক্রবারের ম্যাচের ভেন্যু কর্দোবার ৫৭ হাজার ধারণ ক্ষমতার কেম্পেস স্টেডিয়ামের সব টিকেট এরই মধ্যে শেষ। সমর্থকদের ভালোবাসায় অভিভূত মেসি তাদের আরেকটি জয় উপহার দিতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, “সমর্থকদের মতো আমরাও জয়ের প্রত্যাশী। আশা করি জাতীয় দলের জন্য সব কিছু ভালোভাবেই যাবে আর আমরাও তিন পয়েন্ট পাবো।” যদিও প্যারাগুয়ের সঙ্গে কঠিন পরীক্ষার আশঙ্কা করছেন তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলার। এ প্রসঙ্গে তিনি বলেন, “ওরা সব সময়ই কঠিন প্রতিপক্ষ। তাছাড়া বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইও ভীষণ কঠিন। আমরা জানি ওদের দলে বেশ কয়েক জন ভালো খেলোয়াড় আছে। এবং আমাদের জন্য সব কিছু কঠিন করে তুলতেও ওরা প্রস্তুত।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/০১১৬ঘ.