ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার ইউএস ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন রজার ফেদেরার, অ্যান্ডি মারে ও সেরেনা উইলিয়ামস।
লন্ডন অলিম্পিক চ্যাম্পিয়ন মারে প্রতিপক্ষ মিলোস রাওনিকের বিশাল বিশাল সার্ভ মোকাবেলা করে ৬-৪, ৬-৪, ৬-২ গেমে ম্যাচ জেতেন।
প্রতিপক্ষ মার্ডি ফিশ নাম প্রত্যাহার করে নেয়ায় এদিন কোর্টে না নেমেই শেষ আটে পৌঁছে গেছেন র্যাংকিংয়ের শীর্ষ তারকা ফেদেরার।
মেয়েদের এককে মাত্র ৫৭ মিনিটে ম্যাচ শেষ করে দেন উইম্বলডন ও অলিম্পিক চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। চেক প্রজাতন্ত্রের আন্দ্রেয়া লাভাচকোভাকে কোন রকম সুযোগ না দিয়ে ৬-০, ৬-০ গেমে ম্যাচ জিতে নেন তিনি।
তবে এককে সহজ জয় পেলেও এদিন দ্বৈতে হেরে গেছেন সেরেনা। তৃতীয় রাউন্ডে দুই বোন ভেনাস-সেরেনা জুটিকে ৬-১, ৬-৪ গেমে হারান রাশিয়ার মারিয়া কিরিলেঙ্কো-নাদিয়া পেত্রভা জুটি।
সেরেনা ছাড়াও মেয়েদের এককে সোমবার রবার্তা ভিঞ্চি ৬-১, ৬-৪ গেমে আগনিয়েস্কা রাদওয়ান্সকাকে, সারা এরানি ৭-৬, ৬-৩ গেমে অ্যাঞ্জেলিক কেরবেরকে ও আনা ইভানোভিচ ৬-০, ৬-৪ গেমে টিসভেতানা পিরোনকোভাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন।
শেষ আটে সেরেনার প্রতিপক্ষ আনা ইভানোভিচ। ভিঞ্চি মুখোমুখি হবেন প্রিয় বন্ধু এরানির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১২৫২ ঘ.
bdnews24