ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অতীতে তাকে নিয়ে টানাটানি পড়ে যেতো দলবদলের সময়। আমিনুল হকের সেই দিন আর নেই। বাংলাদেশের ফুটবল-ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক অনেকটা চুপিসারেই শেখ জামাল ধানমন্ডি ক্লাব ছেড়ে এবার যোগ দিয়েছেন বিজেএমসিতে।
সোমবার বাফুফে ভবনে আমিনুল নিশ্চিত করেন তার বিজেএমসিতে যোগ দেয়ার কথা। এ প্রসঙ্গে তিনি বলেন, “চ্যালেঞ্জ নিতে পছন্দ করি বলেই বিজেএমসিতে যোগ দিয়েছি। দুই মৌসুম আগেও চ্যালেঞ্জ নিয়ে শেখ জামালে যোগ দিয়েছিলাম। সেবার আমাদের দল চ্যাম্পিয়ন হয়েছিলো।”
“আশা করি এই মৌসুমে বিজেএমসিও ভালো করবে। ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করবো নিজেকে উজাড় করে দেয়ার,” যোগ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
বিজেএমসির সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়ে অবশ্য কিছু বলতে রাজি হননি আমিনুল। এ প্রসঙ্গে তার বক্তব্য, “বিষয়টা আমি গোপন রাখতে চাই। আমি চাই না এটা প্রকাশ হোক।” তবে একটি সূত্র থেকে জানা গেছে, ১৫ লাখ টাকার বিনিময়ে বিজেএমসিতে যোগ দিয়েছেন একসময়ের দেশ-সেরা গোলরক্ষক।
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সঙ্গেও কথা-বার্তা চলছিলো আমিনুলের। মুক্তিযোদ্ধায় যোগ দেয়া তো অনেকটাই নিশ্চিত ছিলো। কিন্তু তাদের সঙ্গে সমঝোতা না হওয়ায় বিজেএমসিতে ঠিকানা খুঁজে নেন গত দুই মৌসুম শেখ জামালে খেলা আমিনুল।
এখনো নিবন্ধন না করলেও বিজেএমসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চুক্তি সম্পন্ন হয়েছে রোববার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২৩৩৭ঘ.
bdnews24