ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দশ জনের দল নিয়েও ইন্টার মিলানকে ৩-১ গোলে হারিয়েছে এএস রোমা। দিনের অন্য ম্যাচে জুভেন্টাস ৪-১ গোলে হারিয়েছে ১০ জনের উদিনেসকে।
সান সিরোতে ১৫ মিনিটে রোমাকে এগিয়ে নেন আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি। ফ্রান্সেসকো টট্টির ক্রস অরক্ষিত ফ্লোরেঞ্জিকে খুঁজে পেলে এগিয়ে যায় টট্টির দল।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইতালি দল থেকে বাদ পড়া অ্যান্তোনিও কাসানোর গোলে খেলায় সমতা ফেরায় ইন্টার। নতুন দলের হয়ে কাসানোর এটাই প্রথম গোল।
৬৭ মিনিটে রোমাকে আবারো এগিয়ে নেন অসভালেদো। ৮১ মিনিটে মারকুইনহোর গোলে অতিথি দলের জয় নিশ্চিত হয়ে যায়।
খেলার শেষ দিকে অহেতুক হ্যান্ডবল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অসভালদো।
গোলরক্ষক ১৩ মিনিটে লালকার্ড দেখলে দশ জনের দলে পরিণত হওয়ার পর বর্তমান চ্যাম্পিয়নদের কাছে সহজেই হার মেনেছে উদিনেস।
পেনাল্টি থেকে আর্টরো ভিদালের গোলে এগিয়ে যায় গত আসরের অপরাজিত চ্যাম্পিয়ন জুভেন্টাস। প্রথমার্ধেই ব্যবধান ২-০ করেন মিরকো ভুচিনিচ।
দ্বিতীয়ার্ধে সেবাস্টিয়ান জিওভিনকোর জোড়া গোলে (৫৩ ও ৭১ মিনিটে) উদিনেসের টানা দ্বিতীয় হার নিশ্চিত হয়ে যায়।
৭৮ মিনিটে উদিনেসের পক্ষে একটি গোল শোধ করেন আন্দ্রে লাজ্জারি।
এছাড়া ন্যাপোলি ২-১ গোলে ফিওরেন্টিনাকে ও ল্যাজিও ৩-০ গোলে পালেমোকে হারিয়েছে। ১-১ গোলে ড্র করেছে কাগলিয়ারি ও আটলান্টা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৫৩৩ ঘ.
bdnews24