ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘরের মাঠে খেলার সুবিধা পেলেও দু বছর আগে প্রথম সাফ মহিলা ফুটবলে বাংলাদেশ ফাইনালে উঠতে পারেনি। এবার সেই হতাশা দূর করতে বাংলাদেশের মেয়েরা প্রতিজ্ঞাবদ্ধ। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ৭ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় দ্বিতীয় সাফ ফুটবলে বাংলাদেশের লক্ষ্য একটাই - ফাইনাল।
লক্ষ্য পূরণে কঠোর অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ কলম্বোর উদ্দেশে রওনা দিচ্ছে ৪ সেপ্টেম্বর।
এই প্রতিযোগিতায় বাংলাদেশের গ্র“প-সঙ্গী ভারত, ভুটান ও স্বাগতিক শ্রীলঙ্কা। বলাই বাহুল্য, ভারতই সবচেয়ে শক্ত প্রতিপক্ষ।
কক্সবাজারে অনুষ্ঠিত গত আসরের গ্র“প পর্বে ভারতের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছিলো বাংলাদেশ। তবে ভুটানকে ৯-০ এবং শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠতে সমস্যা হয়নি। সেখানে নেপালের কাছে ৩-০ গোলের হার ফাইনালে খেলার স্বপ্ন ধুলিস্যাৎ করে দেয়।
তবে এবার ফাইনালে ওঠার ব্যাপারে দারুণ আশাবাদী বাংলাদেশ দলের সেরা স্ট্রাইকার সাবিনা খাতুন। তিনি বলেন, “গত দুই বছরে আমরা অনেক উন্নতি করেছি। আমার বিশ্বাস, সব কিছু অনুকূলে থাকলে ফাইনালে খেলা তেমন কষ্টসাধ্য হবে না।”
বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটনও সাবিনার সঙ্গে একমত। তিনি বলেন, “গত এক মাসের কঠোর অনুশীলন মেয়েদের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে। আশা করি এবার তারা হতাশ করবে না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২৩০০ঘ.
bdnews24