ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রবিন ফন পার্সি এবার ম্যানচেস্টার ইউনাইটেডে নবাগত। অন্যদিকে লুকাস পোডলস্কি ও সান্তিয়াগো কাজোরলার নতুন ঠিকানা আর্সেনাল। রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) কাকতালীয়ভাবে তিন জনই স্বমহিমায় উজ্জ্বল। ফন পার্সির হ্যাটট্রিকে দু-দুবার পিছিয়ে পড়েও ম্যান ইউ ৩-২ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। আর লিভারপুলের সঙ্গে আর্সেনালকে ২-০ গোলের জয় এনে দিয়েছেন পোডলস্কি ও কাজোরলা।
সাউদাম্পটনের মাঠে ১৬ মিনিটে রিকি ল্যাম্বার্টের গোলে পিছিয়ে পড়ে অ্যালেক্স ফার্গুসনের দল। ৭ মিনিট পর ম্যান ইউকে সমতায় ফেরান ফন পার্সি।
কিন্তু ৫৫ মিনিটে মরগান শ্নাইডার্লিনের লক্ষ্যভেদ আবার এগিয়ে দেয় স্বাগতিকদের। অনেক চেষ্টার পর ৮৭ মিনিটে ফন পার্সির আরেকটি গোল সমতা নিয়ে আসে খেলায়। ইনজুরি সময়ে ডাচ স্ট্রাইকারের হ্যাটট্রিক ইপিএলের সফলতম দল ম্যান ইউ’র জয় নিশ্চিত করে দেয়।
কয়েক দিন আগে ম্যান ইউ’র কাছে ফন পার্সিকে হারানোর ধাক্কায় ইপিএলে প্রথম দুই ম্যাচে গোলশূন্য ড্র করেছিলো আর্সেনাল। তবে রোববার গুরুত্বপূর্ণ ম্যাচে জয় আর্সেন ওয়েঙ্গারের দলের হতাশা অনেকটাই দূর করে দিয়েছে।
লিভারপুলের অ্যানফিল্ডে ৩১ মিনিটে বাঁ পায়ের চমৎকার শটে আর্সেনালকে এগিয়ে দেন পোডলস্কি। ৬৮ মিনিটে জয় নিশ্চিত করেন কাজোরলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২৩৪৩ঘ.
bdnews24