ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার দুবাই স্পোর্টস কাউন্সিলের (ডিএসসি) বিশেষ দূত হিসেবে নিয়োগ পেয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। দুবাইয়ের ক্লাব আল ওয়াসলের কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার দুই মাসের মধ্যেই দায়িত্বটা পেলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।
দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার ফুটবল-কিংবদন্তি বলেন, “দুবাই স্পোর্টস কাউন্সিল এবং আমি কিছু পরিকল্পনা নিয়ে আলোচনা করেছি। দুবাইয়ের খেলাধূলার উন্নয়নে কাজ করতে তারা খুবই আগ্রহী।”
“যারা ভেবেছিলো আমার পতন হয়েছে বা আমি ধ্বংস হয়ে গেছি তাদের জানাচ্ছি, আমি এখন আগের চেয়ে অনেক শক্তিশালী,” যোগ করেন ম্যারাডোনা।
চীনে কোচ হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করে গত মাসে বেইজিং সফরে যান ম্যারাডোনা। সেখান থেকে কোনো প্রস্তাব না পেলেও ডিএসসি’র প্রস্তাব গ্রহণ করতে দ্বিধা করেননি আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক।
ম্যারাডোনাকে পেয়ে ডিএসসি’র মহাসচিব আহমদ আল-শরিফ দারুণ খুশি। তিনি বলেন, “নতুন প্রজন্মের খেলোয়াড়দের সম্ভাব্য সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে অনুপ্রেরণা জোগাবেন ম্যারাডোনা।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৫৪ঘ.
bdnews24