ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব হকি লিগের ‘এ’ গ্র“পে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রোববার সিঙ্গাপুরে বাংলাদেশ ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে থাইল্যান্ডকে।
প্রতিযোগিতার পরবর্তী রাউন্ডে উত্তরণ নিশ্চিত করা বাংলাদেশ দশম মিনিটে রাসেল মাহমুদ জিমির পেনাল্টি কর্নার গোলে এগিয়ে যায়। পরের মিনিটেই ফিল্ড অ্যাটাক থেকে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণ কুমার।
২৪ মিনিটে তৃতীয় গোলটি আসে মাইনুল ইসলাম কৌশিকের স্টিক থেকে।
৪১ মিনিটে জিমি ব্যক্তিগত দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন। ৫২ মিনিটে সারোয়ার হোসেন এবং ৬৯ মিনিটে কৃষ্ণ কুমারের আরেকটি গোলে বাংলাদেশের বিশাল জয় নিশ্চিত হয়ে যায়।
৬২ মিনিটে থাইল্যান্ডের সান্ত্বনাসূচক গোলদাতা পিয়ং উন।
এর আগে হংকংকে ৬-১ এবং স্বাগতিক সিঙ্গাপুরকে ৪-২ গোলে হারিয়েছিলো বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯১৫ঘ.
bdnews24