ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবাগত স্ট্রাইকার জিয়ামপাওলো পাজ্জিনির হ্যাটট্রিকে শনিবার ইতালির সেরি আ’য় বোলোনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে এসি মিলান।
২৬ অগাস্ট সাম্পদোরিয়ার বিপক্ষে হার দিয়ে সেরি আ শুরু করা এসি মিলান গত সপ্তাহেই নগর-প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান থেকে আন্তনিও কাসানোর বিনিময়ে নিয়ে আসে পাজ্জিনিকে। সাম্পদোরিয়ার সঙ্গে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামলেও তেমন সুবিধা করে উঠতে পারেননি। তবে শনিবার বোলোনিয়ার মাঠে মিলানের সব দুশ্চিন্তা দূর করার কৃতিত্ব তারই।
১৬ মিনিটে পাজ্জিনি পেনাল্টি থেকে দলকে এগিয়ে দিলেও বিরতির মিনিট তিনেক আগে আলেসান্দ্রো দিয়ামান্তির পেনাল্টি সমতায় ফেরায় স্বাগতিকদের। কিন্তু ৭৭ ও ৮৫ মিনিটে পাজ্জিনির আরো দুই গোল লিগে প্রথম জয় নিশ্চিত করে দেয় মিলানের।
শনিবার সেরি আ’র অন্য ম্যাচে তোরিনো ৩-০ গোলে হারিয়েছে পেসকারাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪০৫ঘ.
bdnews24