২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ রাউন্ডে ফেদেরার, মারে ও সেরেনা

ইউএস ওপেনে শনিবার চতুর্থ রাউন্ডে উঠেছেন রজার ফেদেরার, অ্যান্ডি মারে ও সেরেনা উইলিয়ামস। এদিন মিশ্র দ্বৈতে হেরে যাওয়ায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে কিম ক্লাইস্টার্সের পেশাদার টেনিস জীবন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 05:03 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনে শনিবার চতুর্থ রাউন্ডে উঠেছেন রজার ফেদেরার, অ্যান্ডি মারে ও সেরেনা উইলিয়ামস। এদিন মিশ্র দ্বৈতে হেরে যাওয়ায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে কিম ক্লাইস্টার্সের পেশাদার টেনিস জীবন। নিজের সাম্প্রতিক দারুণ ফর্ম ধরে রেখে ইউএস ওপেনে তরতর করে এগিয়ে যাচ্ছেন পুরুষ র‌্যাংকিংয়ের শীর্ষ খেলোয়াড় ফেদেরার। তৃতীয় রাউন্ডে স্পেনের ফার্নান্দো ভারদাসকোকে ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে হারান রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক ফেদেরার। ফেদেরার সহজেই জিতলেও ঘাম ঝরিয়ে জিততে হয়েছে অলিম্পিক চ্যাম্পিয়ন মারেকে। স্পেনের ফিলিসিয়ানো লোপেজকে ৭-৬, ৭-৬, ৪-৬, ৭-৬ গেমে হারান তিনি। অপ্রতিরোধ্য রূপে থাকা সেরেনা ৬-৪, ৬-০ গেমে রাশিয়ার একাতেরিনা মাকারোভাকে উড়িয়ে দিয়ে মধুর প্রতিশোধ নিয়েছেন। বছরের শুরুতে এই মাকারোভার কাছে হেরেই অস্ট্রেলিয়ান ওপেন থেকে আগেভাগে বিদায় নিয়েছিলেন উইম্বলডন ও অলিম্পিক চ্যাম্পিয়ন সেরেনা। ম্যাচ শেষে সেরেনা বলেন, “আমার মনে হচ্ছে আমি আজ (শনিবার) ভালো খেলেছি।” “আমি খুব ভালো প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি। সে আমাকে অস্ট্রেলিয়ান ওপেনে হারিয়েছিলো। তাই আমি জানতাম আজ আমাকে ভালো খেলতে হবে। এবং আমার মনে হচ্ছে অবশ্যই আমি কিছুটা ভালো খেলেছি,” যোগ করেন তিনবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন। এদিকে মিশ্র দ্বৈতের দ্বিতীয় রাউন্ডে ক্লাইস্টার্স-বব ব্রিয়ান জুটি ২-৬, ১০-১২ গেমে হেরে যায় মাকারোভা-ব্রুনো সোয়ারেস জুটির কাছে। পরিবারকে আরো বেশি সময় দিতে নিজের প্রিয় ইভেন্ট ইউএস ওপেনের পর পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা আগেই দিয়েছিলেন ‘টেনিস মম’ নামে খ্যাত ৪টি গ্র্যান্ড স্লাম শিরোপার মালিক ক্লাইস্টার্স । ইউএস ওপেনের একক ও মহিলা দ্বৈতে আগেই হেরে গিয়েছিলেন মেয়েদের র‌্যাংকিংয়ের সাবেক এই এক নম্বর তারকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১০৪১ ঘ.